BJP Inner Clash

বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তরপাড়া, দিলীপ ঘোষের সভার পরে দু’পক্ষের হাতাহাতি, মন্ডল সভাপতিকে মারধর

অভিযোগ, রিভলবারের বাঁট, ইট , বাঁশ  দিয়ে মারধর করা হয় মন্ডল প্রেসিডেন্ট গৌতম মাঝি-সহ অরূপ দে, তাপস দে, রাজিব দেবনাথকে। আহত বিজেপি নেতাকর্মীদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

আক্রান্ত গৌতম মাঝি
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০২:৩৩

বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হুগলির উত্তরপাড়া। দিলীপ ঘোষের সভার পরেই বিরোধী দলের দুই গোষ্ঠী সংঘর্ষ বাধে। উত্তরপাড়া মাখলা মন্ডল উত্তপ্ত হয়ে উঠল। অভিযোগ, দিলীপ ঘোষ সভা করে বেরিয়ে গেলে মন্ডল অফিসের ভেতরই মন্ডল সভাপতি গৌতম মাঝির ওপর বিজেপির একাংশ চড়াও হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার বিকেলে উত্তরপাড়ায় দিলীপ ঘোষের সভা ছিল। সেই সভার শেষে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। মুহুর্তের মধ্যে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিজেপির এক পক্ষের অভিযোগ, বুদ্ধদেব রায়চৌধুরী, অশোক রুদ্র, পার্থ দাস, শুভাশিস ঘোষ, জয় রং, বিনোদ পাসোওয়ান, বিনোদ সাউ, প্রতাপ কুন্ডু-সহ আরো বেশ কয়েক জন বিজেপির মাখলা অফিসের ভেতর ঢুকে গৌতম মাঝির ওপর চড়াও হন। তাঁকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপি এক পক্ষের অভিযোগ, সকলেই বিজেপির হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষের অনুগামী।

ওই পক্ষের আরও অভিযোগ, শুধু গৌতম মাঝি নয়, রূপ দে, তাপস দে, রাজীব দেবনাথ নামে স্থানীয় বিজেপির কর্মীদের মারধর করা হয়েছে। আহত বিজেপি নেতা-কর্মীদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। তাঁরা উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। মন্ডল সভাপতি গৌতম মাঝির আঘাত গুরুতর থাকায় তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করতে হয়।

গুরুতর আহত মন্ডল গৌতম মাঝির অভিযোগ, জেলা সভাপতি সুমন ঘোষ টাকা নিয়েছে শাসকদলের কাছ থেকে। তার প্রতিবাদ করলেই সমস্ত মণ্ডল এলাকায় গন্ডগোল বাঁধিয়ে রেখেছেন। সুমনের অনুগামীরা বৃহস্পতিবার মণ্ডল অফিসে এসে মন্ডল সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তাতে রাজি না হওয়ায় তাঁকে এবং দলের বেশ কয়েক জন পুরনো কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। ওই মন্ডলের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বাপ্পা মন্ডল এই ঘটনায় সরাসরি জেলা সভাপতিকে দায়ী করে পদত্যাগের দাবি করেছেন।

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সভার দিনই পাল্টা উত্তরপাড়া বিধানসভার মাখালা এলাকায় সভা করেন দিলীপ ঘোষ। যদিও সেই সভায় মন্ডল কমিটির লোকজনেরা অনুপস্থিত ছিলেন। তার পরেই ঘটে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে কটাক্ষ করেছে। শাসকদলের দাবি, এরা নাকি তৃণমূলের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করবে। রাজ‍্যের মানুষ সব দেখছে। শুভেন্দু , সুকান্ত, দিলীপ, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত বিজেপি। তৃণমূল ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে রাজ্য সরকারের উন্নয়নের কাছে বিজেপি খরকুটোর মত ভেসে যাবে।


Share