Political Chaos

গাজোলে বিজেপির বিধায়ক প্রার্থী নিয়ে ‘নতুন মুখ চাই’ পোস্টার, রাজনৈতিক মহলে জল্পনা

পোস্টার ঘিরে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করেছে। গাজোল থানার সংলগ্ন এলাকা, একটি বিশ্রামাগারের দেওয়াল, আলামপুর সহ ব্লকের একাধিক জায়গায় একই ধরনের পোস্টার দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আব্দুর রহিম বক্সী
নিজস্ব সংবাদদাতা, গাজোল
  • শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১০:১৯

মালদহের গাজোল বিধানসভা এলাকায় বিজেপির সম্ভাব্য বিধায়ক প্রার্থী নিয়ে জল্পনা বাড়াল একাধিক পোস্টার। শনিবার গাজোল ব্লকের বিভিন্ন এলাকায় ‘বিজেপির বিধায়ক প্রার্থী হিসেবে নতুন মুখ চাই’ লেখা পোস্টার পড়তে দেখা যায়। পোস্টারের নীচে আবার লেখা রয়েছে 'সৌজন্যে: ভারতীয় জনতা পার্টি, গাজোল বিধানসভা'।

পোস্টার ঘিরে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করেছে। গাজোল থানার সংলগ্ন এলাকা, একটি বিশ্রামাগারের দেওয়াল, আলামপুর সহ ব্লকের একাধিক জায়গায় একই ধরনের পোস্টার দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, এর আগেও দু’দফা সভা করে বিজেপির একাংশ কর্মী-সমর্থক বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মন-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে দাবি করা হয়। যদিও এই পোস্টারগুলিতে তাঁর নাম উল্লেখ করা হয়নি, তবে অনেকেই মনে করছেন পরোক্ষভাবে তাঁর বিরুদ্ধেই এই বার্তা দেওয়া হয়েছে।

এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তাঁর দাবি, বিজেপিকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই কেউ বা কারা এই ধরনের পোস্টার লাগিয়ে থাকতে পারে। তিনি আরোও জানান, আগামী দিনেও গাজোল ব্লকে পদ্মফুলই ফুটবে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের গাজোল ব্লক সভাপতি রাজকুমার সরকার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, সামনেই নির্বাচন। তাঁরা দলীয় নির্দেশ মেনে বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত। তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপির সংগঠনের মধ্যেই দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেটাই আবার সামনে আসছে।

স্থানীয় বাসিন্দা রামকুমার মণ্ডল ও আলামপুরের টোটন মণ্ডল জানান, এলাকায় একাধিক জায়গায় পোস্টার দেখা গিয়েছে, যেখানে গাজোল বিধানসভায় বিজেপির বিধায়ক প্রার্থী হিসেবে নতুন মুখ চাওয়ার দাবি জানানো হয়েছে।

ঘটনাকে ঘিরে গাজোলের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচনের আগে এই পোস্টার-রাজনীতি আগামী দিনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।


Share