Election 2026

শনিবার ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি, তৈরি হচ্ছে সভামঞ্চ

শনিবার দুপুর আড়াইটে নাগাদ তিনি ব্রিগেডে পৌঁছোবেন। সেখানে গিয়ে তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠান থেকে রাজ্যের জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তার পরেই দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।

ব্রিগেডে চলছে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৬:২৪

চলতি মাসেই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগেই ব্রিগেড প‍্যারেড গ্রাউন্ডে মহা সমাবেশ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সমাবেশের আগে ব্রিগেডে সাজোসাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প‍্যান্ডেল বাঁধার কাজও শেষ পর্যায়ে রয়েছে। শালখুঁটি বসানোর কাজও একেবারেই শেষ পর্যায়ে রয়েছে।

সারা রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচি করেছে রাজ‍্য বিজেপি। গতকাল সেই ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়েছে। এই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান হিসেবে আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে প্রধানমন্ত্রীর সভামঞ্চ করার কথা রয়েছে, তা খুলে হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি মঞ্চ খুলে দিয়ে মাটি খুঁড়ে পরীক্ষা করেছে। যদিও হ‍্যাঙ্গারগুলি খোলা হয়নি। প্রতিনিয়ত স্নিফার ডগ এবং বোম ডিটেক্টর মেশিন দিয়ে পরীক্ষা করা হচ্ছে। যেখানে কর্মীরা আসবেন, শালকুঠি মাটিতে পুঁতে তা ঘিরে ফেলা হয়েছে। উত্তরবঙ্গ থেকে যে সমস্ত কর্মীরা আসবেন, তাঁদের সামনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। ব্রিগেডে প‍্যারেড গ্রাউন্ডের শেষে বিশেষ শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। থাকবে মেডিকেল টিম। ব্রিগেডের আশেপাশে এলাকায় গাড়ি রাখার বিশেষ ব্য‍বস্থা থাকছে। কর্মীদের যাতে কোনও অসুবিধা বা সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে জলের ব‍্যবস্থাও থাকছে।

বিজেপি সূত্রের খবর, শনিবার দুপুর আড়াইটে নাগাদ তিনি ব্রিগেডে পৌঁছোবেন। সেখানে গিয়ে তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠান থেকে রাজ্যের জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তার পরেই দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।

রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও রাজ‍্যে ভোট প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখে গিয়েছেন। এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ‍্যে আসতে চলেছেন। দলীয় সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে নেতা-কর্মীদের তৃণমূলের বিরুদ্ধে সুর বেঁধে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Share