Political Clash

ইংরেজবাজারে রাস্তা নিয়ে তুমুল বচসা থেকে হাতাহাতি! তৃণমূল-বিজেপি চাপানউতোরে উত্তপ্ত এলাকা

অভিযুক্ত ব্যক্তি তৃণমূল সমর্থক হওয়ায় বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর।

ইংরেজবাজার থানা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৫:১৩

মালদহের ইংরেজবাজার শহরে রাস্তা দখল ও অবৈধ নির্মাণকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং আহত হন অন্তত তিনজন। ইতিমধ্যেই দুই পক্ষই ইংরেজবাজার থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগকারী শুভাশিস দাসের দাবি, তাঁদের বাড়ির সামনে অবৈধভাবে নির্মাণ করে রাস্তা আটকে দিয়েছেন এলাকারই এক বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি তৃণমূল সমর্থক হওয়ায় বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর। শুভাশিসবাবুর বক্তব্য, সরকার পরিবর্তনের পর পুরসভা থেকে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই তাঁদের পরিবারের উপর হামলা শুরু হয় বলে দাবি তাঁর।

অন্য দিকে, অভিযুক্ত প্রতিবেশীর পাল্টা অভিযোগ, এলাকায় মদের ঠেক বসান শুভাশিস দাস। তিনি জানান, তাঁরা ব্যবসা করেন। তাঁরা এলআইসি এজেন্ট। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। এলাকায় মদের আসরের প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয়েছে। এমনকি তাঁর স্ত্রীর শ্লীলতাহানিও করা হয়েছে। ঘটনায় আতঙ্কিত বলেও দাবি করেছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, এটি কোনও রাজনৈতিক ঘটনা নয়, বরং সম্পূর্ণ পারিবারিক বিবাদ।


Share