TMC Political Crisis

সল্টলেকের বিজেপির দফতরে সপরিবারে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংহ! নির্বাচনের আগে দলবদলের জল্পনা

রবিবার দুপুর ১টা নাগাদ বিজেপির দফতরে এসে হাজির হন তৃণমূল নেতা তারক সিংহ, তাঁর স্ত্রী এবং তাঁর পুত্র অমিত সিংহ। তার পরেই সল্টলেকের বিজেপির দফতরে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা পৌঁছোন।

প্রাক্তন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪০

রাজ‍্য বিজেপির দফতরে এসেছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংহ। সূত্রের খবর, বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসল, রাজ‍্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। তিনি শুধু একা নন, তাঁর স্ত্রী এবং পুত্র অমিত সিংহও বিজেপির দফতরে এসেছিলেন। পুরবোর্ড তাঁর স্ত্রী এবং পুত্র— দু’জনই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ছিলেন।

রবিবার দুপুর ১টা নাগাদ বিজেপির দফতরে এসে হাজির হন তৃণমূল নেতা তারক সিংহ, তাঁর স্ত্রী এবং তাঁর পুত্র অমিত সিংহ। তার পরেই সল্টলেকের বিজেপির দফতরে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা পৌঁছোন। যে লিফ্ট ব‍্যবহার করে শীর্ষ নেতৃত্বরা নিজ নিজ দফতরে যান, তা ব‍্যবহার করেই সপরিবারে তারক সিংহ ওপরে গিয়েছেন। প্রায় আধঘণ্টা বৈঠক করেন। তার পরে বেরিয়ে যান।

বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় কেন তিনি বিজেপি দফতরে এসেছেন তা নিয়ে স্পষ্ট করেননি তারক। তাঁর বক্তব্য, তিনি কিছু অভিযোগ জানাতে এসেছেন। তবে কোনও বিষয়ে অভিযোগ জানাতে হলে তিনি পুলিশের দ্বারস্থ হতে পারতেন। বিজেপির দফতরে তিনি কেন এসেছিলেন— এই প্রসঙ্গে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এ সব ‘অপদার্থ’ প্রশ্নের উত্তর দেব না।’ তাঁর বক্তব্য, পুলিশ তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে। পুলিশ তাঁদের সহযোগিতা করছে না। সেই সমস্ত বিষয়ে শীর্ষ বিজেপির নেতাদের জানাতে তিনি এসেছিলেন বলে দাবি করেন।

তৃণমূল জমানায় কলকাতা পুরসভার জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ ছিলেন তারক সিংহ। তাঁর স্ত্রী এবং পুত্র অমিত সিংহ— দু’জনই তৃণমূলের কাউন্সিলর ছিলেন। কলকাতা পুরসভার অন্দরে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর মনোমালিন্য ছিল। পুরসভায় ফিরহাদের কাজে তিনি সন্তুষ্ট ছিলেন না বলেই ঘনিষ্ঠ মহলে দাবি করেছিলেন। পালাবদলের পরে প্রথম মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দেন তারক। তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে নাম লেখান।

সামনেই কলকাতা পুরসভায় নির্বাচন রয়েছে। তার আগে ওয়ার্ডের পুনর্গঠন প্রক্রিয়া চলছে। ওয়ার্ডের সংখ্যা ১১৪ থেকে বেড়ে ২০৯টি হতে চলেছে। তা হলে কী বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। যদি তিনি তৃণমূল ছেড়ে শাসকদলে যোগ দেন তা হলে কি তাঁকে বিজেপি পুরভোটে প্রার্থী করবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।


Share    

TMC