Assembly Election

ভোটের আগে কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে প্রথমবার প্রাক্তন ডিজি রাজীব কুমার

সোমবার কালীঘাটে পূজা দেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। সেই বৈঠকে তৃণমূলের প্রতিনিধিদলে থাকবেন রাজীব কুমার।

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল ও দেশের মুখ্য নির্বাচনী আধিকারীক জ্ঞানেশ কুমার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১১:২৯

রবিবার রাতেই কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ আরও ১২ জন রাজ্যে এসেছেন। সোমবার কালীঘাটে পূজা দেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। সেই বৈঠকে তৃণমূলের প্রতিনিধিদলে থাকবেন রাজীব কুমার।

রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি এবং বর্তমানে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার এই প্রথম রাজ্যের শাসকদলের হয়ে কোনও বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে হাজির ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার। তৃণমূল সূত্রে খবর, তৃণমূলের প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

রবিবার ভোটার তালিকা নিবিড় সংশোধনের ক্ষেত্রে ৬০ লক্ষ বিচারাধীন থাকার কারণে রাজ্যের শাসক দল ধর্ণা দিয়েছে। রবিবার সেই ধরনের তৃতীয় দিনে পড়েছে। এই আবহে কলকাতায় পৌঁছেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। তাঁদের সঙ্গে রয়েছেন দু’জন ডেপুটি কমিশনার মণীশ গর্গ এবং পবনকুমার শর্মা। জ্ঞানেশ কুমার-সহ অন্যান্য আধিকারীকদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক।

রবিবার দুপুরেই ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী কলকাতায় পৌঁছে গিয়েছেন। কমিশনের ডিরেক্টর জেনারেল আশিস গোয়েল, ডেপুটি ডিরেক্টর পি পবন, অপূর্ব কুমার সিংহ এবং ভিডিয়ো এডিটর রঞ্জিতকুমার শ্রীবাস্তব আসছেন রাজ্যে। রাতে জ্ঞানেশ কুমার-দের কনভয় ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় সেখানে সিপিএমের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান।

কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে জ্ঞানেশ কুমার বৈঠক করবেন। সে জন্য রাজ্য ও কেন্দ্রের আটটি স্বীকৃত রাজনৈতিক দলকে ডাকা হয়েছে। প্রত্যেকটি দলের সঙ্গে আলাদা করে বৈঠক হবে এবং প্রতিটি রাজনৈতিক দলের জন্য ১৫ মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে।

এরপর সোমবার দুপুর একটা ১৫ মিনিটে ভোটপ্রস্তুতি নিয়ে কেন্দ্র ও রাজ্যের ২৪টি সংস্থার (এনফোর্সমেন্ট এজেন্সি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা হবে। সেই বৈঠকে ডাকা হয়েছে আইজি, ডিআইজি, পুলিশ কমিশনারেট, পুলিশ সুপার এবং জেলাশাসকদের।

অন্য দিকে, রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত নিষ্পত্তির সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে আট লক্ষের কাছাকাছি।


Share