Aditi Munshi

দ্বিতীয় দফার ভোটের আগে রাজারহাট-গোপালপুরে চাঞ্চল্য, তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির তরুণজ্যোতির

তরুণজ্যোতির দাবি, অদিতি মুন্সি মনোনয়নপত্রে তাঁর সম্পত্তির সম্পূর্ণ বিবরণ দেননি। অভিযোগ অনুযায়ী, অদিতি ও তাঁর স্বামী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক জমি কিনলেও সেই জমির বিক্রয়মূল্য বা লেনদেনের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

অদিতি মুন্সি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৪:২৮

প্রচার পর্ব শেষ, আগামীকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার ঠিক আগে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির বিরুদ্ধে মনোনয়নপত্রে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। বাগুইহাটি থানায় দায়ের হওয়া এই অভিযোগে অদিতির পাশাপাশি তাঁর স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকেও অভিযুক্ত করা হয়েছে।

তরুণজ্যোতির দাবি, অদিতি মুন্সি মনোনয়নপত্রে তাঁর সম্পত্তির সম্পূর্ণ বিবরণ দেননি। অভিযোগ অনুযায়ী, অদিতি ও তাঁর স্বামী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক জমি কিনলেও সেই জমির বিক্রয়মূল্য বা লেনদেনের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি বিষয়টি পুলিশ, আয়কর দফতর, এমনকি সিবিআই-ইডিকেও জানাতে চান।

এর আগে একটি ফেসবুক পোস্টে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সিকে ঘিরে একাধিক প্রশ্ন তোলেন তরুণজ্যোতি। তিনি লেখেন, 'একদিকে নির্বাচনী হলফনামায় সম্পত্তির বিবরণ, অন্যদিকে বাস্তব রেজিস্ট্রি রেকর্ড—দুটো কি এক জিনিস বলছে? সরকারি বাংলার ভূমি এবং ওয়েস্টবেঙ্গল রেজিষ্ট্রেশন পোর্টালের তথ্য অনুযায়ী, জগদীশপুর মৌজায় উল্লেখযোগ্য পরিমাণ জমির মালিকানা থাকা সত্ত্বেও, সেই সম্পত্তির উল্লেখ মনোনয়নপত্রে নেই এটা কি শুধুই “ভুল”, নাকি ইচ্ছাকৃত গোপনীয়তা? নির্বাচন ঘোষণার ঠিক আগে ২৫.০৩.২০২৬ তারিখে একসাথে একাধিক বড় সম্পত্তি বিক্রি, হস্তান্তর ও উপহার দেওয়া হল কেন? কালিম্পং-এর বিশাল জমি, রাজারহাটের জমি সব একদিনেই বিক্রি বা ট্রান্সফার! এটা কি কাকতালীয়, নাকি পরিকল্পিত? '

পোস্টে আরও প্রশ্ন তোলা হয়, যাদের কাছে এই সম্পত্তি বিক্রি হয়েছে, তারা কারা এবং তাঁদের সঙ্গে অদিতি বা দেবরাজের সম্পর্ক কী। বিক্রির টাকা কোথায় গেল, তা ব্যাংক ব্যালান্স বা বিনিয়োগে প্রতিফলিত হয়নি কেন সেটিও জানতে চান তিনি। একই সঙ্গে ঘোষিত আয়ের সঙ্গে এই বিপুল সম্পত্তি কেনাবেচার সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী।

এছাড়াও অদিতি মুন্সির প্রার্থীপদ নিয়েও আইনি প্রশ্ন তোলেন তরুণজ্যোতি। তাঁর দাবি, আইন অনুযায়ী কোনো প্রার্থী যদি সম্পত্তির তথ্য গোপন করেন বা ভুল তথ্য দেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। তিনি উল্লেখ করেন, আরপি অ্যাক্ট ১৯৫১-এর ১২৫এ ধারা এবং প্রযোজ্য আইনের অধীনে মিথ্যা হলফনামা দাখিল করা দণ্ডনীয়।


Share