Assembly Election

নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে! আইএনটিটিইউসি নেতাকে হুমকির অভিযোগে ধরা পড়লেন বিজেপি নেতা পাপাই

হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় লেখা ছিল, '৫ মে হয় তোর ডেডবডি যাবে, নয় আমার। মেসেজ আর নম্বরটা সেভ করে রাখিস। আমার নাম পাপাই।’

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৬:৫৪

নির্বাচনের আগের দিন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে বিজেপির এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সন্দীপ ভৌমক ওরফে পাপাই। অভিযোগ, তিনি আইএনটিটিইউসির এক নেতাকে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছিলেন। মঙ্গলবার সকালে সিঁথি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সিঁথি থানার অন্তর্গত কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন হালদারকে হুমকি দেন। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় লেখা ছিল, '৫ মে হয় তোর ডেডবডি যাবে, নয় আমার। মেসেজ আর নম্বরটা সেভ করে রাখিস। আমার নাম পাপাই।’ এই মেসেজের স্ক্রিনশট ও মোবাইল নম্বর-সহ কলকাতা পুলিশ কমিশনার ও নির্বাচন কমিশনের কাছে তৃণমূল নেতা অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। ভোটের আগে হুমকি ও ভয়ের পরিবেশ তৈরির অভিযোগেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে দ্বিতীয় দফার নির্বাচনের আগে রাজ্যজুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। সোমবার রাতে বিভিন্ন জেলা থেকে মোট ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত অশান্তির আশঙ্কায় এক হাজার ৯৫ জনকে আটক করা হয়েছিল।

এদিকে, ‘সন্দেহভাজন’ তালিকা নিয়ে বিতর্কও তুঙ্গে। হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ৩৫০ জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে কেন, তা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল মামলার অনুমতি দিয়েছেন এবং দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে।


Share