Assembly Election 2026

মার্চের শেষে ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচন, ওই মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ‍্যে আসতে পারে কমিশনের সম্পূর্ণ বেঞ্চ, খবর কমিশন সূত্রের

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে গত ১ এবং ২ মার্চ ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর আসার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই সেই সফর বাতিল হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর নথি নিস্পতির কাজ চলছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, তার পরে মার্চ নামে আরও একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার পরেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে।

খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। এই ভোটারেরা মৃত, স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটার। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের নথি নিস্পত্তির কাজ করছে বিচারবিভাগীয় আধিকারিকেরা। সেই অনুযায়ী আগামী ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কমিশন সূত্রের খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহের শেষভাগে আরও একটি তালিকা প্রকাশিত হতে পারে। চূড়ান্ত তালিকা প্রকাশ করার করার পরে আপত্তি জানানোর জন্য সময় দেওয়া হবে। আবার মার্চের দ্বিতীয় সপ্তাহে যদি আরও একটি তালিকা বার করা হয় তার ওপরে কোনও আপত্তি থাকলে অন্তত ১০ দিন সময় দেওয়া হবে।

কমিশন সূত্রের আরও জানা গিয়েছে, এই দ্বিতীয় তালিকা প্রকাশের পরেই রাজ‍্যে আসবে নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চ। তাঁরা এখান থেকে পরিস্থিতি খতিয়ে দেখবেন। সেক্ষেত্রে মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের নির্ঘণ্ট। বুধবার এমনটাই খবর কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে কত দথায় নির্বাচন হবে তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পশ্চিমবঙ্গে একদফাতেই নির্বাচন করার পক্ষে। সেক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে গত ১ এবং ২ মার্চ ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর আসার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই  সেই সফর বাতিল হয়েছে। কমিশন সূত্রের খবর, ১ তারিখ কলকাতায় টি-২০  বিশ্বকাপের সুপার এইটের ভারতের ম্যাচ রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা সম্ভব হচ্ছে না। ফলে সেই সফর পিছিয়ে দেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর।


Share