Samik Bhattacharya

ফল ঘোষণার পরই উত্তপ্ত রাজ্য, ভাঙচুর-অভিযোগ ঘিরে সতর্ক প্রশাসন, ভুয়ো খবর রুখতে কড়া পদক্ষেপ পুলিশের

এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং কলকাতা পুলিশ।

শমীক ভট্টাচার্য
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ০৭:৫৫

সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের ভোটগণনা শেষে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। মোট ২০৭টি আসনে জয় পেয়েছে তারা। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৮০টি আসন। একটি আসনের ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে এই বিপুল জয়ের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ সামনে এসেছে। কোথাও তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর বা দখলের অভিযোগ উঠেছে, আবার কলকাতার বিভিন্ন জায়গায় মারধর ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে খবর।

এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং কলকাতা পুলিশ। ক্ষমতায় আসার পরপরই বিজেপির তরফে একটি লিখিত নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, বিরোধী দলের বুথ, পার্টি অফিস বা সাইনবোর্ড দখল করা যাবে না। পাশাপাশি অটো, টোটো স্ট্যান্ড বা বাজার দখলের মতো ঘটনাও বরদাস্ত করা হবে না। এই ধরনের কাজে যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বিষয়ে কড়া অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, বিজেপির পতাকা ব্যবহার করে কোথাও রাজনৈতিক হিংসা হলে বা তৃণমূলের অফিসে আক্রমণ চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হবে। এমনকি মুখ্যমন্ত্রী বা তাঁর পরিবারের বিরুদ্ধে কদর্য মন্তব্য করা হলেও তা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। পাশাপাশি প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, বিজেপির পতাকা ব্যবহার করে কেউ যদি টোটো বা অটোস্ট্যান্ডে জোর করে টাকা তোলে, তবে রং না দেখে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে গ্রেফতার করতে হবে। তাঁর কথায়, রাজনৈতিক হিংসার কোনও স্থান নেই পশ্চিমবঙ্গে এবং এই সংস্কৃতি বন্ধ করতেই মানুষ বিজেপিকে সমর্থন করেছে।

এদিকে, ভোটের ফল ঘোষণার পর শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক রয়েছে কলকাতা পুলিশ। সমাজমাধ্যমে ভুয়ো খবর ছড়ানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে, যেখানে অন্য জায়গার ছবি ও ভিডিও কলকাতার বলে দাবি করা হচ্ছে।

পুলিশের তরফে স্পষ্ট করা হয়েছে, শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে যাঁরা ভুয়ো খবর ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদের কাছে আবেদন করা হয়েছে, কোনও খবর যাচাই না করে তা বিশ্বাস বা প্রচার না করতে। কলকাতার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়েছে।


Share