Election 2026

বিজেপিতে যোগ দিতে পারেন রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী, তালিকায় কংগ্রেস নেতা, প্রধানমন্ত্রীর সভায় থাকতে পারে বড় চমক

সারা রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচি করেছে রাজ‍্য বিজেপি। মঙ্গলবার সেই ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়েছে। এই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান হিসেবে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:৪৯

আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে রাজ‍্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগেই বেসুরো রাজ্যের তিন বারের মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং তাঁর স্ত্রী সুমনা মহাপাত্র। বিজেপি সূত্রের খবর, তিনি আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে বিজেপিতে যোগ দিতে পারেন। এ ছাড়াও, মধ‍্য কলকাতার এক দাপুটে কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিতে চলেছেন। অন‍্যদিকে, আরজি কর আন্দোলনের সামনের সারিতে থাকা এক ডাক্তারও যোগদানের তালিকায় রয়েছে।

তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র বর্তমানে বিধানসভার লোকাল তহবিল সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। তিনি রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী। তিনি তিনবার মন্ত্রী হয়েছেন। চারবার বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন। কিন্তু ২০২২ সালে তাঁর হাত থেকে দফতর সরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি রয়েছেন। ২০২১ সালের নির্বাচনের সময় তমলুক সাংগঠনিক জেলার সভাপতিও ছিলেন।

কিন্তু সম্প্রতি তাঁর নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশের সংখ‍্যা কমিয়ে দেওয়া হয়। বর্তমানে তাঁর তিনজন দেহরক্ষী রয়েছে। এর পরেই ক্ষোভ প্রকাশ করেন রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁর কথায়, তিনবারের বিধায়ক ও চারবারের মন্ত্রীকে দল কাজে লাগাচ্ছে না। তাঁর কথায়, পূর্ব মেদিনীপুরের বিজেপি যথেষ্ট শক্তিশালী। যদিও তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনও মন্তব্য করেননি। তিনি ক্ষুদ্র শিল্প নিগমের চ‍েয়ারম‍্যান ছিলেন। সেখান থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। তাঁর নিরাপত্তার একাংশ প্রত্যাহার নিয়ে প্রশ্ন তোলের তাঁর স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুমনা মহাপাত্র। তার পরেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

অন‍্যদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে বিজেপিতে যোগ দিতে চলেছেন মধ‍্য কলকাতার এক দাপুটে কংগ্রেস নেতা। তিনি কলকাতা পুরসভার কাউন্সিলরও। কংগ্রেস সূত্রের খবর, তিনি সম্প্রতি কংগ্রেসের কোনও মিটিং বা মিছিলে যাননি। তিনি প্রধানমন্ত্রীর সভায় বিজেপিতে যোগদান করতে পারেন। তিনি বিজেপিতে এলে কলকাতা উত্তর সাংগঠনিক জেলার যথেষ্ট শক্তিশালী হতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

আজকের বিজেপির ব্রিগেড সমাবেশ থেকে দলের যোগ দিতে পারেন এক চিকিৎসক। তিনি আরজি কর আন্দোলনের সামনের সারিতে থেকে ছিলেন। সরকারের বিরুদ্ধে একাধিক বার সরবও হয়েছিলেন। পরে আরজি করের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন। সামাজমাধ‍্যমে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। কয়েক দিন ধরে তিনি বেসুরো। সমাজমাধ্যমে সরকারকে নিশানা করে একাধিক মন্তব্য করেছেন। তিনিও আজকের সভা থেকে বিজেপির পতাকা তুলে নিতে চলেছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সারা রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচি করেছে রাজ‍্য বিজেপি। মঙ্গলবার সেই ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়েছে। এই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান হিসেবে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, শনিবার দুপুর আড়াইটে নাগাদ তিনি ব্রিগেডে পৌঁছোবেন। সেখানে গিয়ে তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠান থেকে রাজ্যের জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তার পরেই দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।


Share