BJP Leader House Set On Fire

বাঁকুড়ার বিজেপি নেতার বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার শাসকদলের

আক্রান্ত বিজেপি নেতা নাকাইজুড়ি গ্রামপঞ্চায়েতের নন্দনপুর গ্রামের বিজেপির শক্তিপ্রমুখ। তিনি দলের সোশাল মিডিয়া সেলেরও নেতা। বুধবার কর্মী সম্মেলন সেরে রাতে বাড়ি ফিরেছিলেন বিজেপি নেতা।

ভস্মীভূত গোটা বাড়ি।
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৯:১২

গভীর রাতে বিজেপি নেতাকে ঘুমন্ত অবস্থায় সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। বিজেপি নেতার অভিযোগ, বাইরে থেকে দরজায় শিকল তুলে তাঁর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। পরিবারের দাবি, প্রতিবেশীদের তৎপরতায় কোনও মতে প্রাণে রক্ষা পেয়েছেন। বিজেপি নেতা থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। শাসকদল অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, ঘটনার নেপথ্যে বিজেপির কোন্দল রয়েছে।

আক্রান্ত বিজেপি নেতার নাম তাপস বারিক। তিনি নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামের বিজেপির শক্তিপ্রমুখ। তাপস দলের সোশাল মিডিয়া সেলেরও নেতা। বুধবার কর্মী সম্মেলন সেরে রাতে বাড়ি ফিরেছিলেন বিজেপি নেতা। অভিযোগ, রাতে বাড়ির সবাই যখন ঘুমে অচেতন তখন বাইরে থেকে কেউ পেট্রোল ছিটিয়ে দেয়। তারপর দরজায় বাইরে থেকে বন্ধ করে দেয়। এর পরেই আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। উল্লেখ্য, তিনি মাটি এবং খড়ের বাড়িতে থাকেন। সেই বাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে আগুন নিভিয়েছেন।

ওন্দার বিজেপি নেতা তাপস বারিক বলেন, “আমি, মা-বাবা রাতে ঘরে ছিলাম। এমন ভাবে বাইরে থেকে পেট্রোল দিয়েছে, গন্ধে আমরা চিৎকার চেঁচামেচি করছি। আমার পাশের বাড়িতে এক দাদা থাকেন। আমরা এত জোরে চিৎকার করেছি, দাদা ছুটে এসে শিকলটা খুলে দেয়। ভাগ্য সুপ্রসন্ন যে শিকলটা খুলে দিয়েছে। আজ ভগবানের দয়ায় প্রাণে বেঁচে ফিরেছি। এটা পুরো তৃণমূল পরিকল্পিত ভাবে করিয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।”

শুধু তা-ই নয় বাড়ির সামনে নিজের ওষুধের দোকান রয়েছে। সেখানেও দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। অভিযোগ, দুষকৃতীরা প্রথমে বিজেপি নেতার ওষুধের দোকানে ভাঙচুর ও লুঠপাট চালায়। সেখানে তাঁকে না পেয়ে বিজেপি নেতা তাপসের বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয়।

ঘটনায় ওন্দা বিজেপি বিধায়ক অমরনাথ শখা বলেন, “বিজেপি করার জন্য তাঁর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। পুলিশ-প্রশাসনের কাছে দাবি তাদের দ্রুত গ্রেফতার করা হোক। এলাকার ৩-৪ জায়গায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে। তা দেখে তাদের গ্রেফতার করা হয়। না হলে আমরা আগামী দিন বৃহত্তম আন্দোলনে নামব।”

যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওন্দা পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি অভিরূপ খাঁ বলেন, “বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে, কিছু ঘটলেই তৃণমূলকে দোষারোপ করা। ওন্দায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। আমার সন্দেহ, বিজেপির অন্তর্কলহে এটা হয়েছে।' নাকাইজুড়ি ফাঁড়িতে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা তাপস বারিক। এর পাশাপাশি দোষীদের গ্রেফতারির দাবিতে ফাঁড়ির সামনে বিজেপির তরফে বিক্ষোভও দেখানো হয়। 


Share