Rape

পুলিশ পরিচয় দিয়ে দিল্লির পার্কে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই

অভিযোগের তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযানে নামে। তল্লাশির সময়ে মঙ্গলবার ভোরে এক অভিযুক্তের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। পরে তদন্তকারীরা তাঁকে গ্রেফতার করেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

ফের গণধর্ষণের অভিযোগ দিল্লিতে। এ বার পুলিশ পরিচয় দিয়ে দিল্লির এক পার্কে ১৭ বছরের এক কিশোরীকে নির্যাতনের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় কালকাজি মন্দির সংলগ্ন একটি পার্কে ঘটনাটি ঘটে। অভিযোগের তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযানে নামে। তল্লাশির সময়ে মঙ্গলবার ভোরে এক অভিযুক্তের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। পরে তদন্তকারীরা তাঁকে গ্রেফতার করেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। ১৭ বছরের ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। তার বন্ধুও নাবালক। সন্ধ্যা সাতটা নাগাদ মন্দিরে পুজো দেওয়ার পর দু’জনে কাছের একটি পার্কে গিয়ে বসে। সেই সময় পুলিশের পরিচয় দিয়ে তিন যুবক তাদের কাছে আসে। অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ওই কিশোরীকে তিন যুবক নির্যাতন করে।  

রাত পৌনে ন'টা নাগাদ দিল্লি পুলিশের কাছে পিসিআর কলে খবর যায়। কালকাজি মন্দির এবং ইস্‌কন মন্দিরের মাঝের একটি পার্কে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়। দিল্লির বাসিন্দা ওই কিশোরীর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তদন্তকারীরা তাঁর বয়ানও রেকর্ড করেন।

কিশোরীর বয়ানের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে। এরপর পার্কের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা শুরু হয়। রাতেই অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। পার্কের আশপাশে ঘটনার সময়ে যাঁরা উপস্থিত ছিলেন, তদন্তকারীরা তাঁদের সঙ্গেও কথা বলেন।

মঙ্গলবার রাতভর তল্লাশির পর পুলিশ অভিযুক্তদের মধ্যে এক জনের হদিস পায়। সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোরে ওই অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের সঙ্গে তাঁর সংঘর্ষ বাধে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি চালান। পুলিশও পাল্টা জবাব দেয়। কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর তদন্তকারীরা অভিযুক্তকে পাকড়াও করেন।

সম্প্রতি দিল্লিতে একের পর এক গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। কখনও চলন্ত বাসে, আবার কখনও টেম্পোয় মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। পর পর এমন ঘটনায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Share