Accident

স্কুটিতে ধাক্কা মারল বিজেপি বিধায়কের গাড়ি! গুরুতর জখম মহিলা, মাথায় পড়ল আটটি সেলাই, ভর্তি হাসপাতালে

যদিও এই বিষয়ে উত্তরপাড়ার বিজেপির বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বিশেষ কিছু বলতে চাননি। তিনি বলেন, “একটি টোটো সেই সময় চলে আসে। সেটাকে পাস কাটাতে গিয়ে স্কুটিতে ধাক্কা লাগে। মহিলার আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

স্কুটিতে ধাক্কা বিজেপি বিধায়কের গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৭

স্কুটিতে ধাক্কা মারল হুগলির উত্তরপাড়ার বিজেপি বিধায়কের গাড়ি। উত্তরপাড়ায় সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। সেই সময় গাড়িতেই ছিলেন বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। গাড়ি পিছু হটিয়ে ঘোরানোর সময় স্কুটিতে ধাক্কা মারে। ঘটনায় এক মহিলা গুরুতর জখম হয়েছেন। মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, সোমবার রাত ৮টা নাগাদ কোন্নগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এস সি চ‍্যাটার্জি স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের বক্তব্য, বিধায়কের গাড়ি পিছু হটিয়ে ঘোরাতে দিয়ে একটি স্কুটিতে সজোরে ধাক্কা মারে। স্কুটিতে এক মহিলা ছিল। তিনি রাস্তায় পড়ে যান। জখম মহিলার নাম সুপ্রা জানা (৪৭)। সুপ্রা কানাইপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

মহিলার মাথা ফেটে গিয়েছে। তাঁর পায়ও গুরুতর আঘাত লেগেছে। মাথায় আটটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে টোটো করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ইতিমধ্যেই একটি ভিডিয়ো সমাজমাধ‍্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঘটনার পরে এলাকায় জটলার সৃষ্টি হয়েছে। মহিলা মাথায় কাপড় চাপা দিয়ে দাঁড়িয়ে আছেন। ডান দিকের হাত রক্তে ভিজে গিয়েছে। রাস্তায় এখনও রক্তের দাগ লেগে রয়েছে। গাড়ির চালকের আসনে কে ছিলেন তা এখনও স্পষ্ট নয়। ভাইরাল ওই ভিডিয়োতে দীপাঞ্জনকেই চালকের আসনে বসতে দেখা যাচ্ছে।

দুর্ঘটনার জেরে স্কুটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধায়কের সঙ্গে আক্রান্ত মহিলাকে বচসায় জড়িয়ে পড়তেও দেখা গিয়েছে। যদিও ‘এখন কলকাতা’ ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। তবে আহত মহিলাকে হাসপাতালে দেখতে যান বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক দীপাঞ্জন।

যদিও এই বিষয়ে উত্তরপাড়ার বিজেপির বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বিশেষ কিছু বলতে চাননি। তিনি বলেন, “একটি টোটো সেই সময় চলে আসে। সেটাকে পাস কাটাতে গিয়ে স্কুটিতে ধাক্কা লাগে। মহিলার আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”


Share