Fire Incident

হাসপাতালের এসএনসিইউ-তে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢেকে গেল শিশুবিভাগ! তেলঙ্গানায় পুড়ে মৃত্যু দুই সদ্যোজাতের

সোমবার গভীর রাতে হাসপাতালের সদ্যোজাত শিশুদের বিশেষ পরিচর্যা কেন্দ্র (এসএনসিইউ)-তে আগুন লাগে। আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

তেলেঙ্গানার হাসপাতালে অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, তেলেঙ্গানা
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫

তেলঙ্গানার আদিলাবাদে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (রিমস)-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুই সদ্যোজাত শিশুর। সোমবার গভীর রাতে হাসপাতালের সদ্যোজাত শিশুদের বিশেষ পরিচর্যা কেন্দ্র (এসএনসিইউ)-তে আগুন লাগে। আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ এসএনসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শিশুবিভাগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ওই বিভাগ এবং সংলগ্ন কয়েকটি ওয়ার্ড ধোঁয়ায় ভরে যায়।

পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নার্স ও কর্মীরা দ্রুত এসএনসিইউ থেকে শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎচালিত চিকিৎসা সরঞ্জামগুলির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেই স্থানান্তরের সময়ই দুই শিশুর মৃত্যু হয়। মৃতদের মধ্যে একটি শিশু প্রিম্যাচিওর ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় এসএনসিইউতে মোট ৩০টি শিশু ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ২৮ শিশুকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, এসিতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার পর হাসপাতালে পৌঁছোন জেলাশাসক রাজর্ষি শাহ এবং পুলিশ সুপার অখিল মহাজন। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। জেলাশাসক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ঘটনায় কোথাও কোনও গাফিলতি ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হবে।

অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি শোকপ্রকাশ করেছেন। হাসপাতালে ভর্তি বাকি শিশুদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। কী ভাবে হাসপাতালে আগুন লাগল, তা জানতে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রেবন্ত।

উল্লেখ্য, চলতি মাসের গোড়াতেই মহারাষ্ট্রের সম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালের শিশুবিভাগে আগুন লাগে। সেই ঘটনায় কোনও শিশু হতাহত না হলেও হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে গত অগস্টে মহারাষ্ট্রের অমরাবতীর একটি হাসপাতালে সদ্যোজাতদের বিভাগে আগুন লেগেছিল। সেই ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়। পর পর হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


Share