Calcutta High Court

বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলুর এফআইআর খারিজের আর্জি নাকচ, হাই কোর্টে রক্ষাকবচও মিলল না পলাতক ব্যবসায়ীর

একই সঙ্গে পুলিশের হাত থেকে রক্ষাকবচ চেয়েও পলাতক টুলু আদালতের সাড়া পেলেন না। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি উঠলে আদালত তাঁর করা আবেদন খারিজ করে দেয়।

অভিযুক্ত টুলু মণ্ডল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৭

বীরভূমের ‘পাথর সম্রাট’ নামে পরিচিত টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে পুলিশের হাত থেকে রক্ষাকবচ চেয়েও পলাতক টুলু আদালতের সাড়া পেলেন না। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি উঠলে আদালত তাঁর করা আবেদন খারিজ করে দেয়।

রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে পরিচিত টুলু মণ্ডলের বিরুদ্ধে বীরভূম পুলিশ তদন্তে সক্রিয় হয়। সেই তদন্তের সূত্রেই পুলিশ টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে তল্লাশির পর সেখান থেকে নগদ প্রায় ২৮.৫ কোটি টাকা এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। জিজ্ঞাসাবাদের সময় মিনার মণ্ডল ওই টাকা টুলু মণ্ডলের বলে দাবি করেন বলে তদন্তকারীদের সূত্রে জানা যায়। এরপরই প্রশাসন টুলুর আর্থিক লেনদেন এবং ব্যবসায়িক কার্যকলাপের দিকে নজর দেয়। তদন্ত যত এগোয়, ততই টুলুর বিরুদ্ধে একাধিক বেআইনি কাজকর্মের অভিযোগ সামনে আসে বলে পুলিশের দাবি।

তৃণমূল আমলে বেআইনি বালি ও পাথর পাচারের ‘সম্রাট’ হয়ে উঠেছিলেন টুলু মণ্ডল—এমনই অভিযোগ তদন্তকারীদের। তাঁর বিরুদ্ধে তদন্তে একের পর এক বেআইনি খাদানের হদিস মিলেছে বলে দাবি। পাশাপাশি, প্রায় ২০০ কোটি টাকার বেআইনি সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। টুলুর গ্যারাজ থেকে উদ্ধার হয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি এবং বিপুল সংখ্যক ডাম্পার। বিদেশেও তাঁর সম্পত্তি রয়েছে কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

তদন্ত শুরু হওয়ার আগেই অবশ্য গা-ঢাকা দিয়েছেন টুলু। তাঁকে খুঁজতে পুলিশ ও প্রশাসন বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তিনি কোথায় আত্মগোপন করেছেন, নাকি বিদেশে পালিয়ে গিয়েছেন—তা এখনও স্পষ্ট নয়।

টুলুর বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে। জামিন অযোগ্য ধারাতেও মামলা হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলি খারিজ এবং রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। তবে আদালতেও স্বস্তি পেলেন না তিনি।  তাঁর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট।


Share