Drugs Seized

বাঁকুড়ায় ২০০ কিলোর বেশি গাঁজা উদ্ধার করল পুলিশ, অভিযুক্ত আন্তঃরাজ‍্য পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের

সোমবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে মেজিয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় বাঁকুড়া জেলা পুলিশের অপরাধ দমন শাখা। একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে একটি ট‍্যাঙ্কারের হদিশ মেলে। তা খুলতেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশ আধিকারিকদের।

সাংবাদিক বৈঠক করছেন পুলিশ সুপার পিভিজি সতীশ।
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭

দেখে মনে হবে গৃহস্থ বাড়ি। কিন্তু সেই বাড়িতে অভিযান চালিয়ে চোখ কপালে উঠল বাঁকুড়া জেলা পুলিশের। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৭৫ কেজি গাঁজা। সেই সঙ্গে সাত লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এই নগদ টাকার কোনও হিসেব দেখাতে পারেনি। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, সোমবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে মেজিয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় বাঁকুড়া জেলা পুলিশের অপরাধ দমন শাখা। একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে একটি ট‍্যাঙ্কারের হদিশ মেলে। তা খুলতেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশ আধিকারিকদের। তাতেই রাখা ছিল এই গাঁজা। ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওজন করানো হয়েছে। তাতে মোট ২৭৫ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। সেই ছ’লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের দাবি, ওড়িশা থেকে গাঁজা নিয়ে এসে ওই বাড়িতে জমিয়ে রাখা হয়েছিল। এর সঙ্গে আন্তঃরাজ‍্য পাচারচক্রের যোগ রয়েছে। এই গাঁজা বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, দূর্গাপুর, রানিগঞ্জ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বিক্রি করা হত। এই চক্রের বাকিদের খোঁজ চলছে। ধৃতকে আদালতে হাজির করানো হয়েছে। তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিতেছে।


Share