EB Raid

গড়িয়াহাট বাজারে ইবি-র অভিযান, বেশি দামে চিনি-পেঁয়াজ বিক্রির অভিযোগ, চাওয়া হল বিলও

ইবি সূত্রে খবর, গড়িয়াহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উপর নজরদারি আগামী দিনেও চলবে।

গরিয়াহাট বাজারে ইবি-র হানা
নিজস্ব সংবাদদাতা, গড়িয়াহাট
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০২

চিনির দাম কত? পেঁয়াজ বিক্রি হচ্ছে কত টাকায়? হাতে রয়েছে কেনার বিল? এমন একাধিক প্রশ্নের মুখে পড়তে হল গড়িয়াহাট বাজারের বিক্রেতাদের। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে চলল নজরদারি। মঙ্গলবার সকালে আচমকাই গড়িয়াহাট বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) আধিকারিকেরা। বাজারের একাধিক মুদির দোকান, সবজি ও মাছের দোকানে গিয়ে তাঁরা খোঁজখবর নেন। বেশ কয়েকজন বিক্রেতাকে জিজ্ঞাসাবাদও করা হয়।

ইবি সূত্রে খবর, চিনি, পেঁয়াজ-সহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত দামের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, মূলত সেটাই খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময় কয়েকটি ক্ষেত্রে বেশি দামে পণ্য বিক্রির তথ্য সামনে আসে বলে সূত্রের খবর। বিক্রেতাদের কাছে পণ্য কেনার বিলও দেখতে চান ইবি আধিকারিকরা। অভিযোগ, কয়েকজন বিক্রেতা সেই বিল দেখাতে পারেননি। পণ্য কোথা থেকে কেনা হয়েছে এবং কেন বেশি দামে বিক্রি করা হচ্ছে, তা নিয়েও তাঁদের কাছে জানতে চাওয়া হয়।

সন্তোষজনক উত্তর না মেলায় কয়েক জন বিক্রেতাকে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বেশি দামে বিক্রি করা হলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন আধিকারিকরা। ইবি সূত্রে খবর, গড়িয়াহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উপর নজরদারি আগামী দিনেও চলবে।


Share