Molestation

অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে চিকিৎসক দম্পতিকে হেনস্থা! মহিলার শ্লীলতাহানির অভিযোগ, কসবার ঘটনায় গ্রেফতার ছয়

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছ’জন যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আনান্দ কুমার, সুরজ কুমার, অরবিন্দ কুমার, শ্রীজন দরবার, মনোজ রায় এবং অনিন্দ ঘোষ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৩

দক্ষিণ কলকাতার ব্যস্ত ও অভিজাত এলাকা কসবা। সন্ধ্যার ব্যস্ত সময়ে সেখানকার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে এক মহিলা হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ। অভিযোগ, মত্ত অবস্থায় কয়েক জন যুবক এক চিকিৎসক দম্পতিকে লক্ষ্য করে অশালীন আচরণ করেন এবং মহিলার সঙ্গে শ্লীলতাহানি করেন। ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছ’জন যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আনান্দ কুমার, সুরজ কুমার, অরবিন্দ কুমার, শ্রীজন দরবার, মনোজ রায় এবং অনিন্দ ঘোষ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, সন্ধ্যার ব্যস্ত সময়ে মলের মতো জায়গায় কী ভাবে এমন ঘটনা ঘটল? যদিও কলকাতা ও শহরতলিতে মহিলাদের হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ নতুন নয়। সম্প্রতি বিশ্বকর্মা পুজোর রাতেও নাগেরবাজারে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, রাস্তা আটকে তরুণী ও তাঁর বন্ধুর উপর হামলা চালায় কয়েক জন দুষ্কৃতী। তরুণীকে বাইক থেকে নামিয়ে শ্লীলতাহানি এবং তাঁর বন্ধুকে মারধর করা হয় বলে অভিযোগ।

তরুণীর দাবি ছিল, ঘটনার সময়ে তাঁর চিৎকার শুনে আত্মীয়েরা ছুটে এলে তাঁদেরও বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, আতঙ্কে ঘটনার ভিডিও মুছে ফেলতে বাধ্য হন। ঘটনায় নাগেরবাজার থানায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যেই ছ'জনকে গ্রেফতার করা হয়।

পরপর এমন অভিযোগ সামনে আসায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে ব্যস্ত জনবহুল এলাকা এবং বিনোদনকেন্দ্রগুলিতে মহিলাদের নিরাপত্তা কতটা নিশ্চিত, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কসবার ঘটনায় ধৃত ছ’জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্পূর্ণ বিবরণ জানার চেষ্টা করছে পুলিশ।


Share