Suvendu Adhikari and Mukesh Ambani

রাজ‍্যের শিল্পের সম্ভাবনা নিয়ে মুম্বই গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুকেশ আম্বানির সঙ্গে করলেন বৈঠক

সোমবার দুপুরে নিউ টাউনে নির্ধারিত অনুষ্ঠান সেরে মুম্বইয়ের বিমান ধরেন শুভেন্দু। মুম্বই যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে এই সফর নিয়ে প্রশ্ন করা হলে কোনও স্পষ্ট জবাব দেননি। তবে তাঁর এই সংক্ষিপ্ত সফরকে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে দেখছে না রাজনৈতিক মহল।

(বাঁ দিক থেকে) অনন্ত আম্বানি, মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুকেশ আম্বানি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪২

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ডিরেক্টর অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক করলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এই সফরের কথা জানিয়েছিলেন। শুভেন্দু জানান, অনন্ত আম্বানির সঙ্গে ইতিমধ্যেই তাঁর কথা হয়েছে। গণেশ উৎসবের পরই তিনি মুম্বই গিয়ে রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর ছেলে অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক করবেন। সোমবার মুম্বইয়ে তাঁদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই পশ্চিমবঙ্গে রিলায়েন্সের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

মে মাসে নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে বড় শিল্পের বিনিয়োগ আনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্যোগী হয়েছেন। সেই প্রেক্ষাপটে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আম্বানিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সোমবার দুপুরে নিউ টাউনে নির্ধারিত অনুষ্ঠান সেরে মুম্বইয়ের বিমান ধরেন শুভেন্দু। মুম্বই যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে এই সফর নিয়ে প্রশ্ন করা হলে কোনও স্পষ্ট জবাব দেননি। তবে তাঁর এই সংক্ষিপ্ত সফরকে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে দেখছে না রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, গত সপ্তাহে রাজ্যের শিল্প নিয়ে বড় বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “অনন্ত আম্বানির সঙ্গে আমার কথা হয়েছে। উনি ও মুকেশ আম্বানি বাংলায় আসছেন। বাংলায় বিনিয়োগ করবেন ওঁরা। ডেটা সেন্টার ও সেমি কন্ডাক্টর হাবে কাজ করবেন।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “সমস্ত উদ্যোগপতি ও শিল্পপতিদের বলছি রাজ‍্যে আসুন, বিনিয়োগ করুন। সবাই আসুন পশ্চিমবঙ্গে।” তিনি জানান, নিজে নানা জায়গায় গিয়েছেন। বিভিন্ন ভূমিপুজোয় যোগ দিয়েছেন। তাঁর দাবি, “এই সরকার শিল্পের পক্ষে। এই সরকার তোলাবাজি বন্ধ করে দিয়েছে।”

মঙ্গলবার সমাজমাধ‍্যমে একটি পোস্টে এই সফরের কথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, “মুম্বইয়ে বিশিষ্ট শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বাসভবনে গতকাল গিয়েছিলাম। সেখানে গণেশ পুজোয় উপস্থিত হয়ে প্রার্থনা করার পবিত্র সুযোগ হয়েছে। দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করেছি।”

তিনি আরও লিখেছেন, “আমাদের রাজ্যের আত্মা, সংস্কৃতি ও চিরন্তন ভক্তির প্রতীক হিসেবে আম্বানি পরিবারের হাতে মা কালীর একটি বিশেষ পবিত্র স্মারক তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছে। প্রার্থনা করেছি, দেবী যেন তাঁদের সুস্বাস্থ্য, সুখ ও ধারাবাহিক সাফল্যে আশীর্বাদ করেন।”

সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় পশ্চিমবঙ্গে শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করছে রাজনৈতিক মহল।পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির বিপুল সম্ভাবনা থাকছে। তিনি এ-ও লিখেছেন, “আমাদের রাজ্য এমন দূরদর্শী বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত, যা রাজ্যের যুবসমাজকে শক্তিশালী করবে। রাজ্যের অর্থনৈতিক পুনরুত্থানের পথ প্রশস্ত করবে।”


Share