Karnataka DG Case

দফতরের মধ‍্যেই বিভিন্ন মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ডিজি, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড করল কর্নাটক সরকার

১৯৯৩ ব‍্যচের আইপিএস আধিকারিকের দাবি, যে সময়ে এই ভিডিয়োগুলি এনে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সেইগুলি আট বছরের পুরনো। সেই সময় তিনি কর্নাটকের বেলগাভিতে ছিলেন।

কর্নাটকের ডিজি পদমর্যাদার আধিকারিক রামচন্দ্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১২:০৩

দফতরে বসেই উর্দি পড়ে বিভিন্ন মহিলার সঙ্গে আপত্তিকর কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ কর্নাটক পুলিশের এক ডিজি পদমর্যাদার এক পুলিশকর্তার বিরুদ্ধে। ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তা প্রকাশ্যে আসতেই রামচন্দ্র রাওকে সাসপেন্ড করা হয়েছে। রামচন্দ্র কর্নাটক পুলিশের নাগরিক অধিকার প্রয়োগ সংক্রান্ত বিভাগের অন‍্যতম ডিজি ছিলেন।

কর্নাটক সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, “প্রাথমিক ভাবে সরকার মনে করছে, নাগরিক অধিকার প্রয়োগ সংক্রান্ত বিভাগের ডিজি রামচন্দ্র রাওকে সাসপেন্ড করা প্রয়োজন।” কর্নাটক সরকার আরও জানিয়েছে, এই বিষয়ে তদন্ত চলবে। সাসপেন্ড থাকার সময়ে কোনও অবস্থাতেই তিনি পুলিশের সদর দফতর ছেড়ে যেতে পারবেন না। সরকারের অনুমতি পেলেই তবে পুলিশের সদর দফতর ছাড়তে পারবেন।

সোমবার সন্ধ্যায় একাধিক ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, একাধিক মহিলার সঙ্গে পুলিশকর্তা দফতরের মধ‍্যে উর্দি পড়েই একাধিক মহিলার সঙ্গে আপত্তিকর আচরণ করছেন।

সোমবার এই ঘটনার নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করব।” কর্নাটকের বিজেপি দল বিজেপিও ওই পুলিশকর্তার উপযুক্ত শাস্তির দাবি করেছে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রামচন্দ্র রাও। তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, “আমি হতবাক। সবটাই সাজানো এবং মিথ্যা। এই বিষয়ে আমার কোনও ধারণা নেই। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী পি পরমেশ্বর তড়িঘড়ি রামচন্দ্রের সঙ্গে দেখা করতে চেয়েছেন। কিন্তু সেই বৈঠক হয়নি বলেই জানা গিয়েছে।

১৯৯৩ ব‍্যচের আইপিএস আধিকারিক রামচন্দ্র রাও-এর দাবি, যে সময়ে এই ভিডিয়োগুলি এনে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সেইগুলি আট বছরের পুরনো। সেই সময় তিনি কর্নাটকের বেলগাভিতে ছিলেন।


Share