Earthquake

ভোরের নিস্তব্ধতা ভেঙে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পন অনুভূত আন্দামানেও, রিখটার স্কেলে তীব্রতা ৪.৮ ও ৪.৬

জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের অনুভূত হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল বুদগাম জেলা। উৎস্যস্থল মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯° উত্তর এবং ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে ছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, জম্মু
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৯

সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে এর তীব্রতা ৪.৮। এ দিন ভোর পাঁচটা ৩৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ভোরবেলা হওয়ার কারণে অধিকাংশ মানুষই গভীর ঘুমে আচ্ছন ছিলেন। তবুও কম্পন অনুভূত হতেই বাসিন্দারা আতঙ্কের কারণে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। পাশাপাশি, এদিন আন্দামানেও ভূমিকম্প অনুভূত হয়।

জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের অনুভূত হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল বুদগাম জেলা। উৎস্যস্থল মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯ ডিগ্রি উত্তর এবং ৭৪.৭৬ ডিগ্রি পূর্ব অক্ষাংশে ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীনগর। এই সমস্ত অঞ্চল সমেত শোপিয়ান ও আশেপাশের অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, সোমবার ভোর তিনটে ৩১ মিনিট নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ৪.৬। উৎসস্থল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে।


Share