Bank Fraud

মৃত সিনিয়র ম‍্যানেজারের নামে অ‍্যাকাউন্ট খুলে লক্ষাধিক টাকা জালিয়াতি, জম্মু ও কাশ্মীর গ্রামীণ ব‍্যাঙ্কের ঘটনায় তদন্ত শুরু করল পুলিশ

জম্মুর ক্রাইম ব্রাঞ্চের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা করা হয়েছে। ক্রাইম হেডকোয়ার্টার্স, জম্মু ও কাশ্মীরের মাধ্যমে অ্যান্টি করাপশন ব্যুরোর ডিরেক্টরের কাছে পাঠানো অভিযোগের ভিত্তিতে এই মামলা হয়েছে।

জম্মু ও কাশ্মীর গ্রামীণ ব‍্যাঙ্কে লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১১:৫০

মৃত সিনিয়র ম‍্যানেজারের নামে খোলা হয়েছে ভুয়ো অ্যাকাউন্ট। পাশাপাশি, একাধিক গ্রাহকের অনুমতি ছাড়াই নেওয়া হয়েছে ঋণ। জম্মু ও কাশ্মীর গ্রামীণ ব্যাঙ্ক থেকে ৬৮ লক্ষ টাকার বেশি জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। 

জানা গিয়েছে বেশ কয়েক দিন ধরেই জম্মু ও কাশ্মীর গ্রামীণ ব‍্যাঙ্কে অ‍্যাকাউন্ট সংক্রান্ত জালিয়াতির ঘটনা ঘটছিল। তা খতিয়ে দেখতে ব্যাঙ্কের অভ্যন্তরীণ ভিজিল্যান্স তদন্ত শুরু করে। তাঁরা জানতে পারে কালুচক শাখায় ১৫টি জয়েন্ট লায়াবিলিটি গ্রুপের অধীনে ৫৮টি ঋণ অ্যাকাউন্ট এবং দু’টি ক্যাশ ক্রেডিট লিমিট অ্যাকাউন্ট খোলা হয়েছে। যে গ্রাহকদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তা তাঁরা জানেন না। তাঁদের অজান্তেই অ‍্যাকাউন্ট খোলা ও পরিচালনা করা হয়েছিল। এর ফলে এই অ‍্যাকাউন্ট ব‍্যবহার করে ব‍্যাঙ্কের প্রায় ৪২ লক্ষ টাকার জালিয়াতি করা হয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন। এমনকী, ওই ব‍্যাঙ্কের মৃত সিনিয়র ম্যানেজার ভগবান সিং সাইনি নামে থাকা অ‍্যাকাউন্টে প্রায় ১২ লক্ষ টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাকি ঋণের টাকা এটিএমের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে।

তদন্তে তাঁরা আরও জানতে পারে, ওই শাখার এক দৈনিক মজুর জেএলজি অ্যাকাউন্টে ঋণের দু’লক্ষ টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার কথা স্বীকার করেছেন। অন্য দিকে, ওই ব‍্যাঙ্কের সুরানকোট শাখার ম‍্যানেজার রোহিত কুমার ও অন্যদের বিরুদ্ধে প্রায় সাত লক্ষ ৩৭ হাজার টাকার অনুমোদনহীন লেনদেন ও ডেবিট এবং প্রায় ১৯ লক্ষ টাকার ভুয়ো ঋণ অনুমোদন ও উত্তোলনের অভিযোগ রয়েছে।

সন্দেহজনক ভুয়ো ঋণ অ্যাকাউন্ট অনুমোদনহীন লেনদেন এবং অর্থ তছরুপের অভিযোগ উঠে আসতেই তাঁরা পুলিশকে জানায়। রবিবার জম্মু ও কাশ্মীর পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ইকোনমিক অফেন্সেস উইং জম্মু ও কাশ্মীর গ্রামীণ ব্যাঙ্কে ৬৮ লক্ষ টাকার বেশি আর্থিক জালিয়াতির অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে।

জম্মুর ক্রাইম ব্রাঞ্চের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা করা হয়েছে। ক্রাইম হেডকোয়ার্টার্স, জম্মু ও কাশ্মীরের মাধ্যমে অ্যান্টি করাপশন ব্যুরোর ডিরেক্টরের কাছে পাঠানো অভিযোগের ভিত্তিতে এই মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে জ্ঞাতব্য অপরাধের প্রমাণ পাওয়ার পর ক্রাইম ব্রাঞ্চ জম্মু রোহিত কুমার ও অন্যান্য সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।


Share