weather Disaster

টানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর, ধসের জেরে বন্ধ রাস্তা! উত্তরবঙ্গে জারি সতর্কতা, বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গেও

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে তিস্তা, তোর্সা, ডায়না, মহানন্দা ও জলঢাকা নদী। পাহাড় থেকে ডুয়ার্স উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিজনিত দুর্ভোগ বাড়ছে। একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

ধসের কারণে বন্ধ রাস্তা।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৩:৩৩

উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টিরও কমলা সতর্কতা রয়েছে।

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে তিস্তা, তোর্সা, ডায়না, মহানন্দা ও জলঢাকা নদী। পাহাড় থেকে ডুয়ার্স উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিজনিত দুর্ভোগ বাড়ছে। একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

শনিবার রাতভর উত্তরবঙ্গ ও সিকিমে প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের ফিদাংয়ে সেনাবাহিনীর তৈরি বেইলি ব্রিজ ভেসে গিয়েছে। ফলে মঙ্গন-জঙ্গু যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। মঙ্গন এলাকায় প্রবল বৃষ্টির কারণে তিস্তার জলস্তরও দ্রুত বাড়ছে।

উত্তরবঙ্গে তিস্তা ও মহানন্দা নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মিরিকের গয়াবাড়িতেও ধস নেমেছে। শিলিগুড়ি-মিরিক সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। প্রবল বৃষ্টিতে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের বি-বাড়ি এলাকার অস্থায়ী ডাইভারশন ভেসে গিয়েছে। গত বছরের বিধ্বংসী বন্যার অভিজ্ঞতা মাথায় রেখে এ বছর আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন নদীতে ড্রেজিংয়ের কাজও চলছে।

অন্য দিকে দক্ষিণবঙ্গেও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দমকা হাওয়াও বইতে পারে। কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। গরম ও অস্বস্তি বজায় থাকলেও দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।


Share