Karnataka Blast

কর্নাটকে প্রাক্তন প্রেমিকাকে মেরে আত্মঘাতী হওয়ার ছক, বিস্ফোরণে ছিন্নভিন্ন যুবকের দেহ, গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচল তরুণী

টুমাকুরুর পুলিশ সুপার অশোক কে ভি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গাড়িতে বিস্ফোরক থাকার ইঙ্গিত মিলছে। নগেন্দ্র ইচ্ছাকৃত ভাবেই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। বোমার মতো বিস্ফোরক পদার্থও ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৩:০২

একসাথে বাঁচব না হলে এক সাথেই মরব। প্রেমে ছাড়াছাড়ি হওয়ার পরেও জেদ ধরে রেখেছিল যুবক। সম্পর্ক ভেঙে যাওয়া মেনে নিতে না পেরে প্রেমিকাকে খুন নিজেই আত্মঘাতী হওয়ার ছক কষেছিল। এর পরেই গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল যুবক। প্রেমিকা গাড়ি থেকে ঝাঁপ দিয়ে কোনও মতে প্রাণে বেঁচে গিয়েছেন। কর্নাটকে ঘটনাটি ঘটেছে।

শনিবার কর্নাটকের টুমাকুরুতে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ৩০ বছর বয়সী নগেন্দ্র নামে এক যুবকের সঙ্গে এক তরুণীর সম্পর্ক ছিল। ওই তরুণী সেখানকার একটি হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন। কিন্তু কয়েক মাস আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এর পরেই নগেন্দ্রকে ওই তরুণী ফোন থেকে ব্লক করে দেন। কিন্তু ছাড়াছাড়ি মেনে নিতে পারেননি যুবক।

শনিবার সকালে অ্যাপ ক্যাব নিয়ে বেঙ্গালুরুর জয়ানগরে মেয়েটির ভাড়াবাড়িতে নগেন্দ্র হাজির হয়। সেখানে দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর জোর করে নগেন্দ্র মেয়েটিকে ক্যাবে তোলে। মেয়েকে না পেয়ে তরুণীর মা-বাবা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অন্য দিকে, ৪৮ নম্বর জাতীয় সড়ক ধরে ক্যাব ছুটতে থাকে আঙ্কোলার দিকে। সিরা তালুকে পৌঁছে গাড়িটিতে তীব্র বিস্ফোরণ ঘটে। আগুনের গ্রাসে চলে যায় গাড়িটি। ছিন্নভিন্ন হয়ে যায় যুবকের দেহ। 

পুলিশ জানিয়েছে, নগেন্দ্র ওই তরুণীকে হুমকি দেয়। জানায়, তরুণীকে মেরে সে নিজে আত্মঘাতী হবে। পুলিশের সন্দেহ, নগেন্দ্র গাড়িতে বিস্ফোরক নিয়েই উঠেছিল। যাত্রাপথে তরুণীকে তা দেখানো হয়েছে। যোগীহিলের কাছে পৌঁছে ছুরি নিয়ে প্রাক্তনির ওপর চড়াও হয়। সেই অবস্থায় গাড়ি থামিয়ে দেন গাড়ির চালক। লক খুলে যাওয়ায় দরজা ঠেলে বাইরে লাফিয়ে পড়েন ওই তরুণী।

এর কয়েক মুহূর্তের মধ্যেই গাড়িটিতে তীব্র বিস্ফোরণ ঘটে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গাড়িটিকে। নগেন্দ্র ভিতরেই আটকে ছিল। জীবন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হয় তাঁর। গাড়ি থেকে লাফিয়ে পড়ায় ওই তরুণী প্রাণে বেঁচে গিয়েছেন। জখম হলেও গাড়ির চালকও প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে টুমাকুরু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুমাকুরুর পুলিশ সুপার অশোক কে ভি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গাড়িতে বিস্ফোরক থাকার ইঙ্গিত মিলছে। নগেন্দ্র ইচ্ছাকৃত ভাবেই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। বোমার মতো বিস্ফোরক পদার্থও ঘটনাস্থল থেকে উদ্ধার  হয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কী ধরনের বিস্ফোরক পদার্থ ব্যবহার করা হয়েছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। কোথা থেকে নগেন্দ্র বিস্ফোরক কিনেছিল, তাও দেখা হচ্ছে। এই ঘটনায় কোল্লামবেলার পুলিশ ভারতীয় ন‍্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে।


Share