TMC Political Crisis

বিজেপি নেতাকে বেধড়ক মারধর, ২০২১ সালের নির্বাচনোত্তর হিংসার মামলায় গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবির ভাই ফিরোজ

রবিবার ফিরোজ এবং সফিককে চুঁচুড়া আদালতে হাজির করানো হয়েছে। ঘটনা তদন্তের জন্য ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ দিন ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার পথে একাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে তাঁরা।

রহিম নবির ভাই ফিরোজ নবি গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১১:১২

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবির ভাই ফিরোজ নবি। তাঁর সঙ্গে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গত নির্বাচনের সময় হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে। রবিবার ধৃতদের আদালতে হাজির করানো হয়েছে। 

পুলিশ সূত্রের খবর, গত ২০২১ সালের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর ২৩ জুন সন্ধ্যায় হুগলির পান্ডুয়ার জিটি রোড সংলগ্ন একটি রেস্টুরেন্টে বসে চা খাচ্ছিলেন বিজেপি নেতা শেখ আব্বাস আলি। অভিযোগ, সেই সময় অতর্কিতে আব্বাসের ওপর হামলা চালায় প্রাক্তন জাতীয় দলের ফুটবলার তথা পান্ডুয়া ব্লক তৃণমূলে নেতা রহিম নবির ভাই ফিরোজ নবি, শেখ শফিক-সহ বেশ কয়েক জন তৃণমূলের নেতা-কর্মীরা। এমনকী, প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। মারের চোটে আব্বাস আলির বাঁ দিকের কানের পর্দা ফেটে যায়। এর জেরে আব্বাস শ্রোবণ শক্তি হারিয়েছেন বলে দাবি করেছেন। এ ছাড়াও, সেই সময় অভিযুক্তরা ওই বিজেপি কর্মীর কাছ থেকে মোবাইল, ঘড়ি এবং নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন। 

রাজ্যে সরকার বদলের পর গত ২৩ মে ওই বিজেপি কর্মী পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্তে নামে। শনিবার রাতে পান্ডুয়ার জয়পুর রেলগেট সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত তৃণমূল নেতা ফিরোজ নবি, শেখ সফিক-সহ মোট দু’ জনকে পুলিশ গ্রেফতার করে।

রবিবার ফিরোজ এবং সফিককে চুঁচুড়া আদালতে হাজির করানো হয়েছে। ঘটনা তদন্তের জন্য ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ দিন ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার পথে একাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে তাঁরা। পান্ডুয়া থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়।


Share