Fire Incident

ডেবরায় চলন্ত গাড়িতে আগুন, চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিন পরীক্ষার্থী

গাড়ির চালক দেখেন ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি রাস্তার ধারে থামিয়ে দেন। পরীক্ষার্থীদের নিরাপদে নামিয়ে দেন।

চলন্ত গাড়িতে আচমকাই আগুন লেগে যায়।
নিজস্ব সংবাদদাতা, ডেবরা
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৫:১১

কলকাতার সল্টলেকে পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিন পরীক্ষার্থী। পথে বড়সড় দুর্ঘটনার মুখে তাঁরা পড়েন। অল্পের জন্য তাঁরা রক্ষা পেলেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় চলন্ত গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। তবে চালকের দ্রুত সিদ্ধান্ত ও তৎপরতায় সকলেই নিরাপদে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন। শনিবার ভোরে তেমাথানি–ডেবরা রাজ্য সড়কের ডেবরা পিডব্লিউডি অফিস সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। 

জানা গিয়েছে, ডেবরা থেকে একটি ভাড়া করা গাড়িতে করে তিন পরীক্ষার্থী কলকাতার সল্টলেকে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে গাড়িটি ডেবরা পিডব্লিউডি অফিসের কাছে পৌঁছোতেই বিষয়টি চালকের নজরে আসে। তিনি দেখেন ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি রাস্তার ধারে থামিয়ে দেন। পরীক্ষার্থীদের নিরাপদে নামিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই পুরো গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share