Metro Railway

একদিনেই দু’বার আত্মহত্যার চেষ্টা, বারবার থমকাল ব্লু লাইনের মেট্রো পরিষেবা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

শেষ খবর পাওয়া পর্যন্ত, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেও দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৪:১০

শনিবার একই দিনে দু’বার আত্মহত্যার চেষ্টার জেরে ব্যাহত হল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। সকাল থেকে দুপুর দু’টি পৃথক ঘটনায় মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। তবে দুই ক্ষেত্রেই মেট্রোর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় আত্মহত্যার চেষ্টা করা দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেও দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় সাতটা ২০ মিনিট নাগাদ কালীঘাট স্টেশনে আপ লাইনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে উদ্ধার করলেও কিছু সময়ের জন্য পরিষেবা ব্যাহত হয়। ওই সময় শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে পরিষেবা বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কিন্তু দুপুর তিনটে সাত মিনিট নাগাদ ফের বিপত্তি। বেলগাছিয়া স্টেশনে শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আরও এক ব্যক্তি। তাঁকেও দ্রুত উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। তবে এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শনিবার ছুটির দিন হওয়ায় যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকলেও আংশিক পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন বহু যাত্রী। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে পুরো ব্লু লাইনে পরিষেবা চালুর চেষ্টা চলছে।

একই দিনে ব্লু লাইনে পরপর দু’টি আত্মহত্যার চেষ্টার ঘটনায় ফের মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Share