TMC Leader Arrest

ডিম-কাণ্ডের পর গা-ঢাকা, অবশেষে বহরমপুরে গ্রেফতার তৃণমূল নেতা খায়রুল ইসলাম

অভিযোগ, সেই সময় কচুয়া এলাকার বাসিন্দা ইসমাইল পাহাড়ি গুলিবিদ্ধ হন। ওই ঘটনার তদন্তেই খায়রুলের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে এবং দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

তৃণমূল কংগ্রেসের বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম।
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
  • শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৫:৪৭

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন-পরবর্তী ভাঙড়ের অশান্তির মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে সংঘটিত হিংসার একটি মামলায় খায়রুল ইসলামের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। অভিযোগ, সেই সময় কচুয়া এলাকার বাসিন্দা ইসমাইল পাহাড়ি গুলিবিদ্ধ হন। ওই ঘটনার তদন্তেই খায়রুলের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে এবং দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

পুলিশের দাবি, বেশ কয়েকদিন ধরেই খায়রুল ইসলাম আত্মগোপনে ছিলেন এবং এলাকায় দেখা যাচ্ছিল না তাঁকে। কয়েকদিন আগে তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও মারধরের একটি ঘটনার পর থেকেই তিনি গা-ঢাকা দেন বলে জানা গিয়েছে। এরপর তদন্তে গতি এনে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।

অবশেষে রবিবার বহরমপুরে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।


Share