Taratala Incident

ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ, তারাতলা কাণ্ডে প্রাক্তন মেয়রের গ্রেফতারির দাবিতে সরব বিজেপি মজদুর সেল

তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপির মজদুর সেলের দক্ষিণ কলকাতা শাখা।

প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৬:১৪

তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ। এই অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ কলকাতা শাখা। একই অভিযোগে কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সামস ইকবালের নামও রয়েছে।

গত ২৪ জুন তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ওই বিল্ডিং কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এই ঘটনার পর বেঙ্গল জার্নালিস্টস অ্যান্ড মিডিয়া কাউন্সিল তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সংগঠনের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয় বেআইনি নির্মাণের ফলেই এই ঘটনা ঘটেছে। অভিযোগপত্রে নির্মাণে গাফিলতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

বিজেএমসির দাবি, এই অভিযোগপত্রকে এফআইআর হিসেবে গ্রহণ করে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে। বেআইনি নির্মাণ এবং তার জেরে ঘটে যাওয়া মৃত্যুর ঘটনায় যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি, বিজেএমসিরপক্ষ থেকে ফিরহাদ হাকিম এবং সংশ্লিষ্ট দুই প্রাক্তন কাউন্সিলারকে দ্রুত গ্রেফতারের দাবিও তোলা হয়েছে।

পাশাপাশি, বেআইনি নির্মাণ এবং মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিও জানিয়েছে বিজেএমসি। সংগঠনের পক্ষ থেকে ফিরহাদ হাকিম, আনোয়ার খান এবং সামস ইকবালকে অবিলম্বে গ্রেফতারের দাবি তোলা হয়েছে।

তবে এর আগেই ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়েছেন, কোনও নির্মাণ প্রকল্পের নকশা অনুমোদনের ক্ষমতা তাঁর ছিল না। তাঁর দাবি, শুধু তাঁর নয়, কোনও মেয়রেরই বিল্ডিং প্ল্যান অনুমোদনের এক্তিয়ার থাকে না। এই দায়িত্ব সম্পূর্ণভাবে বিল্ডিং ডিপার্টমেন্টের, যারা নকশা খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। ফলে এ ধরনের অনুমোদনের ক্ষেত্রে মেয়রের সরাসরি কোনও ভূমিকা থাকে না।

তারাতলার নির্মীয়মাণ গুদামের অনুমোদিত নকশায় তৎকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে বলে গত বৃহস্পতিবার বিধানসভায় দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, গুদামের নকশায় একাধিক ত্রুটি থাকা সত্ত্বেও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। পাশাপাশি, প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাঁর ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন মুখ্যমন্ত্রী। ওই অভিযোগের পর বৃহস্পতিবার রাতেই কালীচরণকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই ফিরহাদ হাকিমের গ্রেফতারের দাবিতে রাজনৈতিক চাপ আরও জোরালো হয়েছে।


Share