Bangladeshi Arrested

অবৈধ ভাবে বসবাসের অভিযোগ, তৈরি করেছিল জাল আধার কার্ড, কোচিতে ছয় গ্রেফতার বাংলাদেশি নাগরিক

এই ছ’জনের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট-এর ২১ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬(২) ধারা (জাল নথি তৈরি/জালিয়াতি) ও ৩৪০(২) ধারা (জাল নথিকে আসল হিসেবে ব্যবহার) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পেশ করা হলে বিচারক তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কোচি
  • শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৪:৩৬

কেরলামের কোচি থেকে ছ’জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেফতার করেছে। আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে হিল প্যালেস থানার পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আস্তানার খবর গোপন সূত্রে পাওয়ার পরে ত্রিপুনিথুরার কাছে এরুর এলাকার অভিযান চালায়। সেখানকার করুকাপ্পাদম রোডের একটি স্ক্র্যাপ ইয়ার্ডে কিছু নথিবিহীন অভিবাসী কাজ করিছল। সেখান থেকেই তাদেরকে গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম— রাকব শাবা (২৪), মহম্মদ সোহেল ফারাজ (৩৩), তারেক আব্দুল মন্নান (২১), সগির (১৮), মৈধি হাজলদা (৩২) এবং মহম্মদ আগিন (৩৯)। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ছ’জন শ্রমিকের কাছে ভারতে থাকার কোনও বৈধ কাগজপত্র নেই। ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করা যায়— এমনও কোনও বৈধ নথি তাঁদের কাছে নেই। জিজ্ঞাসাবাদে ধৃতেরা দাবি করেছে, তারা কাজের জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছে।

পুলিশ আরও জানিয়েছে, তাদের কাছ থেকে দু’টি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। যেগুলি জাল বলে তদন্তকারীরা সন্দেহ করছেন। কোথা থেকে তা তৈরি করা হয়েছিল, তা জানতেও বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। ভারতে কাদের সাহায্যে সীমান্ত অতিক্রম করেছে তা-ও জানার চেষ্টা তদন্তকারীরা করছেন।

এই ছ’জনের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট-এর ২১ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬(২) ধারা (জাল নথি তৈরি/জালিয়াতি) ও ৩৪০(২) ধারা (জাল নথিকে আসল হিসেবে ব্যবহার) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পেশ করা হলে বিচারক তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

দীর্ঘদিন ধরে কেরলমে কমিউনিস্টরা শাসন করেছেন। এই বাংলাদেশিরারা কয়েক বছর আগেই কেরলমের ওই এলাকায় এসে থাকছিলেন বলে পুলিশ জানিয়েছে। পালাবদলের পরেই অনুপ্রবেশকারী ধরা পড়েছে। তাদেরকে ইচ্ছাকৃত ভাবে আশ্রয় দিয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি।


Share