Suvendu Adhikari

লাভ জেহাদ, জোরপূর্বক ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন আনা হবে, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রাচারের সময় ‘লাভ জেহাদ’, ‘ল‍্যান্ড জেহাদ’, জোরপূর্বক ধর্ম পরিবর্তন নিয়ে একাধিক বার সরব হয়েছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৮:৫৩

জোরপূর্বক ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন আনবে রাজ‍্য সরকার। শুক্রবার একটি অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানান রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার গঠন হয়েছে মাত্র দেড় মাস হয়েছে। তাই তার জন্য একটু সময় লাগবে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রাচারের সময় ‘লাভ জেহাদ’, ‘ল‍্যান্ড জেহাদ’, জোরপূর্বক ধর্ম পরিবর্তন নিয়ে একাধিক বার সরব হয়েছিলেন। তৃণমূল জমানায় বাংলাদেশের ইসলামে ধর্মের মানুষের অনুপ্রবেশের ফলে রাজ‍্যে জনবিন‍্যাস, সংস্কৃতি পরিবর্তন হয়েছে বলেও দাবি করেছিলেন। শুভেন্দু অধিকারী শুধু নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই কথা বলেছিলেন।

বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বলেছিলেন, বাংলাদেশের মুসলমানেরা অবৈধ ভাবে এ রাজ‍্যে আসছে। এখানে এসে হিন্দু মহিলাদের বিয়ে করছে। এখানেই জমি দখল করে থেকে যাচ্ছে। এর ফলে সীমান্তবর্তী এলাকায় সংস্কৃতি পরিবর্তন হয়েছে। শুধু এই রাজ‍্য নয় সারা দেশেই জনবিন‍্যাসের পরিবর্তন হয়েছে। রাজ‍্য সরকার মনে করছে, এমন পরিস্থিতিতে হিন্দুদের অধিকার রক্ষা করতে হবে।

এ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, “লাভ জিহাদ, ল‍্যান্ড জিহাদ, জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠর আইন এই সরকার আনবে। ঘরে হবে বন্দে মাতরম। ভরসা রাখবেন। আমাদের একটু সময় দিন।“

উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং কর্নাটকে এই আইন চালু আছে। জোরপূর্বক ধর্ম পরিবর্তন করানো, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্মের পরিবর্তন করানো, ধর্মের পরিবর্তন করিয়ে নির্যাতনের বিরুদ্ধে নির্দিষ্ট করে আইনে বলা হয়েছে। এ বার সেই আইন পশ্চিমবঙ্গেও লাগু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন‍্যাসের পরিবর্তন নিয়ে উচ্চপর্যায় কমিটি তৈরি করে দিয়েছেন। সেই কমিটিতে রয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাবকর নাওলেকর, অবসরপ্রাপ্ত আইএস অফিসার দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্যা শমিকা রবি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (বিদেশি) বিভাগের যুগ্মসচিব। এর মধ্যে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দুর্গাশঙ্কর মিশ্র জনগণনার দায়িত্বে কমিশনার পদে রয়েছেন।


Share