Operation Sindoor

অমরত্বের পথে ‘অপারেশন সিঁদুর’-এর ছয় বীর, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের স্মৃতিফলকে যুক্ত হবে শহিদদের নাম

সামরিক ঐতিহ্য অনুযায়ী দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের স্মৃতিফলকে খোদাই করা হবে এই ছয় শহিদের নাম।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৯:০৩

‘অপারেশন সিঁদুর’-এ দেশরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আত্মবলিদান দেওয়া ছয় সেনাকর্তা ও জওয়ানের নাম প্রথমবারের মতো প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার। দেশের নিরাপত্তার জন্য প্রাণ উৎসর্গ করা এই ছয় বীরযোদ্ধা হলেন রাইফেলম্যান সুনীল কুমার, সুবেদার মেজর পবন কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বায়ুসেনার সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

তাঁদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ দু'জনকে মরণোত্তর বীরত্ব সম্মানে ভূষিত করা হয়েছে। গত ৮ জুন রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে শহিদ রাইফেলম্যান সুনীল কুমারের বাবা-মা ‘বীর চক্র’ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে অসাধারণ সাহসিকতার জন্য ভারতীয় বায়ুসেনার সার্জেন্ট সুরেন্দ্র কুমারকে ‘বায়ুসেনা পদক’ প্রদান করা হয়।

সামরিক ঐতিহ্য অনুযায়ী দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের স্মৃতিফলকে খোদাই করা হবে এই ছয় শহিদের নাম। এর মাধ্যমে দেশের ইতিহাসে তাঁদের আত্মত্যাগ স্থায়ী স্বীকৃতি পাবে এবং আগামী প্রজন্মের কাছেও তাঁদের বীরত্বের কাহিনি অম্লান হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকারের উদ্যোগে দিল্লির ইন্ডিয়া গেট সংলগ্ন প্রায় ৪০ একর জমিতে নির্মিত হয় ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। দেশের জন্য আত্মবলিদান দেওয়া সেনাদের স্মৃতির উদ্দেশে নির্মিত এই স্মারকটি চারটি সমকেন্দ্রিক বৃত্ত অমর চক্র, বীরতা চক্র, ত্যাগ চক্র এবং রক্ষক চক্র নিয়ে গড়ে উঠেছে। আকাশ থেকে দেখলে পুরো স্থাপনাটি একটি চক্রব্যূহের মতো দেখতে লাগে।

সবচেয়ে ভেতরের ‘অমর চক্র’-এর কেন্দ্রস্থলে রয়েছে অনির্বাণ শিখাসহ মূল স্মৃতিস্তম্ভ। স্বাধীনতার পর দেশের বিভিন্ন যুদ্ধে প্রাণ উৎসর্গ করা সেনাদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই এই স্মারক নির্মাণ করা হয়েছে। এখানে খোদাই করা প্রতিটি নাম ও ম্যুরাল ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের ইতিহাসের সাক্ষ্য বহন করে। এবার সেই গৌরবময় তালিকায় যুক্ত হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’-এর ছয় শহিদের নামও। দেশের নিরাপত্তার জন্য জীবন উৎসর্গ করা এই বীরদের প্রতি আজও কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধায় নত গোটা দেশ।


Share