Maoist Encounter

ঝাড়খন্ডের চাইবাসায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী জঙ্গিদের গুলিতে নিকেশ মাওবাদী জঙ্গিনেতা অনল, খতম আরও ১৫ জন

আইজি (অপারেশনস) মাইকেল রাজ জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ অভিযান শুরু হয়। তিনি বলেন, “এই মুহূর্তে সমস্ত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে আনাল দার সঙ্গে আরও ৮-৯ জন মাওবাদী নিকেশ হয়েছে, তা নিশ্চিত।”

মাওবাদী জঙ্গি অনল ওরফে পাতিরাম মাঝি নিকেশ।
নিজস্ব সংবাদদাতা, রাঁচি
  • শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১২:৫২

সকাল থেকে ঝাড়খন্ডের চাইবাসায় মাওবাদী জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলেছে। সেই লড়াইয়ে নিকেশ হয়েছে এক মাওবাদী জঙ্গিনেতা। মৃতের নাম অনল ওরফে পাতিরাম মাঝি। তার মাথার দাম ছিল এক কোটি টাকা। এর পাশাপাশি অন্তত ১৪ জন মাওবাদী জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে পশ্চিম সিংভূম জেলার ছোটানাগড়া থানার অন্তর্গত কুম্ভডিহি গ্রাম সংলগ্ন সারেন্ডার জঙ্গলে মাওবাদী জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর আসে। এর পরেই সিআরপিএফের ২০৯ ব‍্যাটেলিয়নের ‘কোবরা’ জওয়ানেরা সেখানে অভিযান চালায়। এলাকাটি ঘিরে নেয় তারা। নিরাপত্তা বাহিনীকে দেখে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদী জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সিআরপিএফের জওয়ানেরা।

অনল ওরফে তুফান ওরফে পাতিরাম মাঝিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। তার মাথার দাম ছিল এক কোটি টাকা। অনল সিপিআই (মাওবাদী)-এর সেন্ট্রাল কমিটির সদস্য ছিল। সারান্ডা অঞ্চলে সংগঠনের অন্যতম প্রধান মুখ ছিল এই অনল। অনল ঝাড়খণ্ডের তিনজন সবচেয়ে ‘মোস্ট ওয়ান্টেড মাওবাদী জঙ্গিনেতার একজন ছিল। তবে এই লড়াইয়ে অন্য দুই শীর্ষ মাওবাদী জঙ্গিনেতা মিসির বেসরা ও পশ্চিমবঙ্গের বাসিন্দা আসিম মণ্ডল ওরফে আকাশ মণ্ডলের নিকেশ হওয়ার খবর এখনও নিশ্চিত করেনি প্রশাসন। তবে এখনও সেখানে অভিযান চলছে।

নিরাপত্তা বাহিনী সূত্রের দাবি, এই সংঘর্ষে মাওবাদী জঙ্গি সংগঠনের বিশেষ কমিটির সদস্য আনমল (মাথার দাম ২৫ লক্ষ টাকা), জোনাল কমিটির সদস্য অমিত মুন্ডা ( মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা), পিন্টু লোহরা, লালজিৎ-সহ মোট প্রায় ১৫ জন মাওবাদী জঙ্গিকে নিকেশ করা হয়েছে। চার জনকে শনাক্ত করার চেষ্টা চলছে।

তবে আইজি (অপারেশনস) মাইকেল রাজ জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ অভিযান শুরু হয়। তিনি বলেন, “এই মুহূর্তে সমস্ত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে আনাল দার সঙ্গে আরও ৮-৯ জন মাওবাদী নিকেশ হয়েছে, তা নিশ্চিত।”

আইজি মাইকেল রাজ আরও বলেন, “দুর্গম পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল এবং কঠিন ভূপ্রকৃতির জন্য সারান্ডা মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই কারণেই এখানে বড় আকারের অভিযান চালানো হচ্ছে।” গোটা এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে বলেও জানান তিনি। অভিযান শেষ হলে পুরো পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


Share