Bomb Blast

প্রথম দফা ভোটের আগে ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ

ঘটনায় পুলিশ দু’জনকে আটক করা করেছে। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল, কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, ফারাক্কা
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১১:৫৩

প্রথম দফা ভোটের আগে মুর্শিদাবাদের ফরাক্কায় বোমা বিস্ফোরণ। সোমবার সকালে ফরাক্কা থানার নয়নসুখ পঞ্চায়েতের মানিকনগর এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে হঠাৎই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ছাদের পাঁচিলের বড় একটি অংশ ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকনগরের বাসিন্দা কংগ্রেস কর্মী সাইমুল শেখ। তাঁর বাড়ি থেকেই বিকট শব্দটি শোনা যায়। ঘটনার সময় বাড়ির ছাদে রাজমিস্ত্রিরা কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাদের এক কোণে আগে থেকেই বোমা মজুত ছিল। সেখান থেকেই আচমকা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্ক গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। ভয় পেয়ে ঘর থেকে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসেন।

খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। তবে তার আগেই বাড়ির মালিক সাইমুল শেখ ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে চলে যান বলে জানা গিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। 

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ফরাক্কার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, নির্বাচনে অশান্তি তৈরির উদ্দেশ্যে ওই বোমাগুলি মজুত রাখা হয়েছিল। তাঁর দাবি, অভিযুক্ত কংগ্রেস কর্মীর সঙ্গে সিপিএম প্রার্থীরও আত্মীয়তার সম্পর্ক রয়েছে।অন্যদিকে, বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এই অভিযোগ উড়িয়ে দেন। তিনি বলেন, কংগ্রেস কর্মীরা নিজেরাই বাড়িতে বোমা মজুত রাখবে এমনটা বিশ্বাসযোগ্য নয়। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলেও তিনি দাবি করেন।

ফরাক্কা ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বাশিরও ঘটনাটিকে ‘সাজানো’ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, বাড়িতে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছিল, এমন পরিস্থিতিতে সেখানে বোমা রাখা যুক্তিসঙ্গত নয়। কংগ্রেসের বাড়তে থাকা জনসমর্থনেই বিরোধীরা আতঙ্কিত হয়ে এমন কাজ করেছে বলে অভিযোগ তাঁর।

এদিকে, বিজেপি প্রার্থী সুনীল চৌধুরীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও বোমা উদ্ধারের দাবি জানিয়েছেন যাতে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

ভোটের মুখে এই বিস্ফোরণের ঘটনায় ফরাক্কা জুড়ে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। কী কারণে বাড়ির ছাদে বোমা মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কোনও বড় পরিকল্পনা জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটির প্রকৃত কারণ স্পষ্ট নয়। তবে প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।


Share