Assembly Election

বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত একবালপুর, দু’পক্ষের হাতাহাতি, থানার সামনে বিক্ষোভ

পরিস্থিতি সামাল দিতে নামে র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। বিজেপি কর্মীদের ওপর মৃদু লাঠিচার্জ করারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। উভয় দলের সমর্থকেরা একবালপুর থানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করে।

উত্তপ্ত একবালপুর
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১১:৫১

বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। সোমবার রাতে একবালপুরের হোসেন শাহ রোডে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি পথসভা আয়োজন করা হয়েছিল। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরা প্রথমে সেই সভামঞ্চের সামনে এসে স্লোগান দেয়। পাল্টা স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পরেই হাতাহাতি শুরু হয়।

স্থানীয় সূত্রের খবর, বিজেপি প্রার্থী রাকেশ সিংহের সমর্থনে হোসেন শহর রোডে একটি পথসভা চলছিল। বিজেপি কর্মীদের দাবি, সেখানে তৃণমূলের কিছু কর্মী জড়ো হয়। বিজেপি কর্মীদের দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপির কর্মীরা দেন। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের বাদানুবাদ থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। সংঘর্ষের আকার নেয় ওই এলাকা। 

পরিস্থিতি সামাল দিতে নামে র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। বিজেপি কর্মীদের ওপর মৃদু লাঠিচার্জ করারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। উভয় দলের সমর্থকেরা একবালপুর থানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করে। পরে সেখানে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় তিন জন জখম হয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।


Share