Assembly Election

প্রথম দফা নির্বাচনের আগে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কার্শিয়াং-সহ চার জায়গায় জনসভা করবেন

রাজ্যে দু’দফায় নির্বাচন হবে। প্রথম দফার নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল। আগামী ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার নির্বাচন। মঙ্গলবার যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করবেন, সেখানে প্রথম দফায় নির্বাচন হতে চলেছে।

আগামীকাল চার জায়গায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৭:২৪

প্রথম দফায় নির্বাচনের আগে রাজ‍্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে তিনি রাজ‍্যে আসছেন। বিজেপি প্রার্থীদের সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রচার করবেন।

বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে কার্শিয়াং যাবেন। সেখানকার সুকনা হাই স্কুলের মাঠে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। সকাল ১১টা নাগাদ জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।

এর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ কার্শিয়াং থেকে আসানসোল যাবেন। সেখানকার ভিক্টোরিয়া ওয়েস্ট স্কুলের মাঠে জনসভা করবেন। সেই সভাটি হওয়ার কথা রয়েছে দুপুর ১টা ২০ নাগাদ।

এর পরেই তিনি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে চলে যাবেন। ৩টে নাগাদ সভামঞ্চে পৌঁছোনোর কথা। শালবনির বিল্লা স্টেডিয়ামের মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবারের শেষ জনসভাটি হবে পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে। বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ চন্ডীপুরের বিনয় স্মৃতি ফুটবল ময়দানে জনসভাটি হবে। সূত্রের খবর, ওই সভাতে উপস্থিত থাকতে পারেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

রাজ্যে দু’দফায় নির্বাচন হবে। প্রথম দফার নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল। আগামী ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার নির্বাচন। মঙ্গলবার যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করবেন, সেখানে প্রথম দফায় নির্বাচন হতে চলেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের দিন থেকে ৪৮ ঘন্টা আগে প্রচার শেষ করতে হয়। তাই, ওই সমস্ত আসনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা দিয়ে নির্বাচনী প্রচার শেষ করতে চলেছে বিজেপি।


Share