Road Accident

আসানসোলে গভীর রাতে ঘুমন্ত ফুটপাতবাসীদের বাসের ধাক্কা, জখম প্রায় ১৫ জন, আশঙ্কাজনক তিন

স্থানীয়দের অভিযোগ, চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ দেখান স্থানীয়রা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৩:১১

রবিবার গভীর রাতে আচমকা বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পরেই সোজা রাস্তার ধারে ঘুমিয়ে থাকা মানুষদের উপর উঠে যায়। বাসটিতে 'পুলিশ 'লেখা ছিল বলে দাবি। ঘটনায় প্রায় ১৫ জন গুরুতর জখম হয়েছেন। আসানসোলের উত্তর থানার অন্তর্গত ওকে রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।

গভীর রাতে ফুটপাথের ধারে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন কয়েক জন। ঠিক সেই সময় বিপত্তি ঘটে। আচমকাই বেপরোয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ‘পুলিশ’ লেখা বাসটি রাস্তার ধারে ঘুমিয়ে থাকা মানুষের ওপর সোজা উঠে যায়। ঘটনায় প্রায় ১৫ জন গুরুতর জখম হন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে অন্তত তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের অভিযোগ, বাসচালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি পাশের একটি কবরস্থানের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। এতে দেওয়ালের একাংশ ভেঙে গিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বাসটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রাখেন। বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দিকে, ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালয় ঘটক ঘটনাস্থলে পৌঁছোন। তিনি ক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাসচালক সত্যিই নেশাগ্রস্ত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


Share