Assembly Election

কমিশনের নির্দেশ না মেনে থানার বাইরে বসে করছিলেন গল্প, ভবানীপুর বিধানসভার ফ্লাইং স্কোয়াডের তিন জন ম‍্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করল কমিশন

তিন জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে বিভাগীয় প্রধানদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

ভবানীপুর বিধানসভার তিন ম‍্যাজিস্ট্রেট সাসপেন্ড।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৯:৪০

থানার বাইরে বসে গল্প করছিলেন এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট। সেই সময় ঝটিকা সফর করেন নির্বাচনী খরচ সংক্রান্ত অবজার্ভার। তাঁদের হাতেনাতে ধরা পড়েন। নির্বাচন কমিশন তিন ম‍্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করেছে।

তিন অভিযুক্তের নাম সুরঞ্জন দাস, সৌভিক নন্দী, সত‍্যরঞ্জন পাল। তিন জনই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফ্লাইং স্কোয়াডের এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেটের কাজ করছিলেন। তাঁরা তিনজনই ১৭ এপ্রিল রাত ৯টা থেকে ১৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ডিউটি করার কথা ছিল।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নাকা তল্লাশি চালানো হয়। কোনও গাড়ি থেকে টাকা বা নিষিদ্ধ সামগ্রী নিয়ে যাওয়ার সময় ধরা পড়লে ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তা বাজেয়াপ্ত করা হয়। কমিশন সূত্রের খবর, ওই দিন নির্বাচনী খরচ সংক্রান্ত অবজার্ভার ঝটিকা সফর করেন। দেখেন, তিন জনই থানার বাইরে বসে গল্প করছিলেন। কমিশনের দেওয়া দায়িত্ব তাঁরা পালন করছিলেন না। কী কাজ করেছেন, তার কোনও রেকর্ড রাখেননি। তা কমিশনের কাজে বাধা সৃষ্টি করেছে।

এর পরেই তিন এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কমিশনের কাছে রিপোর্ট জমা দেন অবজার্ভার। কর্তব‍্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তিন জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে বিভাগীয় প্রধানদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এ-ও বলা হয়েছে, বিভাগীয় তদন্তের পরে তিনজনের সাসপেনশন উঠে যাবে কিনা তা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে হবে। 

উল্লেখ্য, সত‍্যরঞ্জন পাল স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ায় কর্মরত। তিনি ভবানীপুর বিধানসভার ৯ নম্বর ফ্লাইং স্কোয়াডের এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট ছিলেন। সৌভিক নন্দী দুর্গাবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক। তিনি ভবানীপুর বিধানসভা ৮ নম্বর ফ্লাইং স্কোয়াডের এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট ছিলেন। সুরঞ্জন দাস রাজ্য সরকারের স্টেশনারি অফিসের কর্মী। সুরঞ্জন ৩ নম্বর ফ্লাইং স্কোয়াডের এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট ছিলেন।


Share