Calcutta High Court

ভোটের আগে ৮০০ নেতা-কর্মীকে গ্রেফতার আশঙ্কা, সেই তালিকা ঘিরে হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল

শাসক দলের দাবি, প্রথম দফার ভোটের ঠিক আগে অন্তত ৮০০ জন কর্মীকে গ্রেফতার করা হতে পারে, যাঁদের মধ্যে একাধিক প্রভাবশালী নেতার নামও রয়েছে।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৫:৩৭

ভোটের মুখে নেতা-কর্মীদের সম্ভাব্য গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। শাসক দলের দাবি, প্রথম দফার ভোটের ঠিক আগে অন্তত ৮০০ জন কর্মীকে গ্রেফতার করা হতে পারে, যাঁদের মধ্যে একাধিক প্রভাবশালী নেতার নামও রয়েছে। অভিযোগ, এই সম্ভাব্য গ্রেফতারির তালিকা নির্বাচন কমিশনের তরফেই প্রস্তুত করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ, আর দ্বিতীয় দফা নির্ধারিত রয়েছে ২৯ এপ্রিল। তার আগেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মামলায়। সোমবার দানিশ শেখ নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেছেন। মামলাকারীর তরফে দ্রুত আদালতের হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে এবং প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য গ্রেফতারির তালিকায় শুধু সাধারণ কর্মী নন, রয়েছেন দলীয় নেতা ও এমনকি প্রার্থীরাও। অন্যদিকে, নির্বাচন কমিশনের নির্দেশে সম্প্রতি এক রাতে বিভিন্ন জেলা থেকে ১৩৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের আগে এই ধরনের বৃহৎ সংখ্যার গ্রেফতারি ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।


Share