Weather Update

তাপপ্রবাহের মধ্যে সাময়িক স্বস্তি! দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস, বাকি জেলায় বাড়বে গরম

উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা পূর্ব বিহার থেকে, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় অতিক্রম করে, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।

তাপপ্রবাহের মাঝেই রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১১:৩৯

রাজ্য জুড়ে গ্রীষ্মের চোখ রাঙানি। কিন্তু তাপপ্রবাহের মধ্যেও রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি তো চলছেই। এ বার তীব্র গরম থেকে খানিক রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গের কিছু জেলাও। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

হওয়া অফিস সূত্রের খবর, উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা পূর্ব বিহার থেকে, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় অতিক্রম করে, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। যে কারণে আগামী ছয় থেকে সাতদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে গরম বাড়বে। ২ ডিগ্রি করে বাড়তে পারে তাপমাত্রা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে আজ থেকে ২৭ তারিখ পর্যন্ত বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদ। কলকাতা সহ বাকি জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে গরম বেশি থাকবে। সেই সঙ্গে বাড়বে অস্বস্তি। আগামী সাতদিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় তেমন কোনও তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। যদিও এখনই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে জানিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঝেঁপে বৃষ্টি হবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং. আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকাপশলা বৃষ্টি চলবে।


Share