Weather Update

শুক্রবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা! শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে, এর পর ফের তাপমাত্রা বাড়বে

কলকাতায় শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। পরে মেঘলা আকাশ হতে পারে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

সকালের দিকে রোদ ঝড়মলে থাকলেও, বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১২:০৪

শুক্রবারের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের পার্বত্য জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামিকাল, শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। হতে পারে ভারী বৃষ্টিও! আজ, শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। শনিবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা ফের বাড়বে।

পূর্ব-পশ্চিম অক্ষরেখা মণিপুর থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশ, অসম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। বজগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই । সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার ও রবিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা গরম ও অস্বস্তিকর থাকবে। কলকাতায় তাপমাত্রা নেমে এখন ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই তাপমাত্রা শনিবার থেকে সোমবারের মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উইকেন্ডে গরম ও অস্বস্তি থাকবে কলকাতা-সহ সব জেলাতেই।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। আজ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই জেলাগুলিতে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত। উপরের পাঁচ জেলায় ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এবং নীচের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবারেও ঝড়বৃষ্টি চলবে উপরের পাঁচ জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।

কলকাতায় শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। পরে মেঘলা আকাশ হতে পারে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টিতে দিনের তাপমাত্রা কিছুটা কমল। সাময়িক স্বস্তি; শনিবার থেকে বাড়বে তাপমাত্রা। সাময়িক স্বস্তি মিললেও গরম ও অস্বস্তি অব্যাহত থাকবে আগামী সাতদিন।


Share