Labour Protest

কম মজুরি ও তোলাবাজির অভিযোগে শ্রীরামপুরে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, সমস্যা সমাধানে আশ্বাস বিজেপি বিধায়কের

বিধায়কের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পরে শ্রমিকরা বিক্ষোভ তুলে কাজে ফিরে যান।

বিজেপি বিধায়ক ঘটনাস্থলে এসে সমস্যার সমাধানের আশ্বাস দেন।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৫:৫৫

হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুরে শ্রমিক বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়াল। একটি বিস্কুট কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখান। তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ ওঠে। অতিরিক্ত কাজ করিয়ে কম পারিশ্রমিক দেওয়ারও অভিযোগ করেন শ্রমিকরা।

দিল্লি রোড সংলগ্ন কারখানার গেটের সামনে তাঁরা জড়ো হন। স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। এর জেরে কিছু সময়ের জন্য কারখানার কাজকর্ম বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কম মজুরি দেওয়া। অতিরিক্ত কাজের চাপ। স্থানীয় স্তরে তোলাবাজির অভিযোগ ওঠে। সেই ক্ষোভেই শ্রমিকরা ফুঁসছিলেন। সোমবার জমে থাকা ক্ষোভ বিক্ষোভের আকার নেয়। শ্রমিকরা কারখানার গেটের সামনে জড়ো হয়। স্লোগান দিতে শুরু করেন।

এদিকে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। পথে রাস্তায় তিনি শ্রমিকদের জটলা দেখতে পান। সেখানে তিনি দাঁড়ান। ঘটনা পর্যবেক্ষণ করেন। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শোনেন। সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বিধায়ক বলেন, “পূর্বতন সরকারের আমলে এভাবে শিল্প গড়ে ওঠেনি। এখন মানুষ কাজ চাইছে। ছোট ছোট কারখানায় যারা কাজ করেন, তাঁদের উপর নানা ধরনের অত্যাচারের অভিযোগ আসছে। বিষয়টি আমি দেখব। প্রয়োজন হলে মালিকপক্ষের সঙ্গেও কথা বলব। শ্রমিকদেরও সঠিকভাবে কাজ করতে হবে। কোনও তোলাবাজি বা কাটমানি বরদাস্ত করা হবে না।”

বিধায়কের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পরে শ্রমিকরা বিক্ষোভ তুলে কাজে ফিরে যান বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে পিয়ারাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নজরদারি চালানো হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়।


Share