Accident

শ্রীরামপুরে ম্যানহোলে নেমে কাজ করতে নেমে বিপত্তি, মৃত্যু শ্রমিকের, অসুস্থ আরও দু’জন

হুগলির শ্রীরামপুরে ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিন শ্রমিক। তাঁদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৮:০১

ম্যানহোলে কাজ করতে গিয়ে বিপত্তি। মৃত্যু হল এক শ্রমিকের। অসুস্থ হয়ে পড়েছেন আরও দুই কর্মী। হুগলীর শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রাম সীতা লেনে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় মাটির নীচে ড্রেনের কেএমডিএ-র জল প্রকল্পের কাজ চলছিল। সেই কাজে ঠিকাদারের অধীনে কয়েক জন শ্রমিক ম্যানহোলে নেমে পরিষ্কারের কাজ করছিলেন। কাজ চলাকালীন আচমকাই এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে নেমে আরও দু’জন কর্মী অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।

খবর পেয়ে দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন জনকেই উদ্ধার করেন। এরপর তাঁদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শেখ মুস্তফা (৩৪) নামে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানা এলাকায় বলে জানা গিয়েছে। হাসপাতালে বাকি দুই শ্রমিকের চিকিৎসা চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা জানান, কেএমডিএ-র একটি জল প্রকল্পের কাজ চলাকালীন তিনজন ঠিকা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পুরো ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


Share