Rape

জয়নগরে ষাটোর্ধ্ব মহিলাকে ধর্ষণের অভিযোগ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নির্যাতিতার এক আত্মীয়ের দাবি, ওই কলাবাগানে দীর্ঘদিন ধরেই মদ্যপ ও জুয়াড়িদের আড্ডা বসে। তিনি প্রশাসনের কাছে ওই বাগান পরিষ্কার করা এবং সমাজবিরোধীদের আনাগোনা বন্ধ করার দাবিও জানান।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, জয়নগর
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০৩:৪৬

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক ষাটোর্ধ্ব মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে ময়দা রোড অবরোধ করেন। গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে তাঁরা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার জয়নগরের বকুলতলা থানার অন্তর্গত এলাকায় ওই মহিলা (৬৫) বাড়ির পিছনের কলাবাগানে মোচা কাটতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় সেখানে কয়েকজন মদ্যপ যুবক বসে ছিল। তারাই ওই মহিলাকে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ।

নির্যাতিতার এক আত্মীয়ের দাবি, ওই কলাবাগানে দীর্ঘদিন ধরেই মদ্যপ ও জুয়াড়িদের আড্ডা বসে। এর আগেও এলাকায় চুরি-ডাকাতির মতো অপরাধ ঘটেছে। তাঁর অভিযোগ, ওই দিন মহিলা বাগানে পৌঁছোতেই অভিযুক্তরা তাঁর মুখে কোনও স্প্রে জাতীয় পদার্থ ব্যবহার করে। তাঁকে অচৈতন্য করে দেয়। এরপর তাঁর উপর অত্যাচার চালানো হয়। তিনি জানান, বৃদ্ধা প্রায় ৭০ বছরের এক মহিলা। তিনিও নিরাপদ নন। তাহলে এলাকার অন্যান্য মহিলা ও তরুণীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে যাচ্ছে। পাশাপাশি তিনি প্রশাসনের কাছে ওই বাগান পরিষ্কার করা এবং সমাজবিরোধীদের আনাগোনা বন্ধ করার দাবিও জানান।

পরিবারের সদস্যরা জানান, রবিবার মোচা কাটতে বেরোনোর পর দীর্ঘক্ষণ তিনি বাড়ি ফেরেননি। ফলে তাঁর খোঁজ শুরু করা হয়। পরে কলাবাগান থেকে মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের ধারায় মামলা রুজু করেছে। ইতিমধ্যেই এক সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Share