Assembly Election

ভোটের মুখে ফের অশান্ত ভাঙড়, শওকত মোল্লার ওপর হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

ঘটনা প্রসঙ্গে শওকত মোল্লা জানান, এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।

শওকত মোল্লা।।
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়
  • শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৬:৫০

দ্বিতীয় দফা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙড়। নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও অন্যান্য কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে। অতর্কিতে এই হামলার নেপথ্যে রয়েছে আইএসএফ, এমনটাই জানিয়েছে তৃণমূল নেতা। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

জানা গিয়েছে, চালতাবেড়িয়া এলাকাতে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার একটি নির্বাচনী জনসভা ছিল। সেখান থেকে ফেরার সময় ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ থানার উত্তর চালতাবেড়িয়া এলাকায় তার ওপর আক্রমণ চালানো হয়। তৃণমূল প্রার্থী শওকত মোল্লার অভিযোগ, আইএসএফ নেতা আবুল খয়ের তার নেতৃত্বে এই হামলা করা হয়েছে।  বলে শওকত মোল্লার অভিযোগ। তৃণমূল নেতার অভিযোগ, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে অশান্তি করার চেষ্টা করা হচ্ছে। 

ঘটনা প্রসঙ্গে শওকত মোল্লা জানান, এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। তিনি বলেন, "যদি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল।" এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকেরা। চালতাবেরিয়া ও সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানানো হয়। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। উল্টে তৃণমূলের পক্ষ থেকেই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে আইএসএফ নেতৃত্ব। তাদের অভিযোগ, ভোটের আগে সহানুভূতি আদায়ের জন্য এ’ধরনের অভিযোগ তোলা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।


Share