Assembly Election 2026

উত্তরপাড়ায় দেওয়াল লিখন নিয়ে অশান্তি, সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মঙ্গলবার রঘুনাথপুরে নির্বাচনী দেওয়াল লিখছিলেন বেশ কিছু সিপিএম কর্মী। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন সিপিএম রঘুনাথপুর দুই নম্বর শাখার অন্তর্গত ৬৯ নম্বর বুথের কর্মী প্রদীপ দাস।

আক্রান্ত সিপিএম কর্মী।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৮:১৪

রাজ্যে বিধানসভা নির্বাচন আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন। জেলায় জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। নির্বাচনের আগেই দেওয়াল লিখন নিয়ে সিপিএম কর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে অশান্তি বাধল।

মঙ্গলবার উত্তরপাড়া বিধানসভার রঘুনাথপুরে নির্বাচনী দেওয়াল লিখছিলেন বেশ কিছু সিপিএম কর্মী। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন সিপিএম রঘুনাথপুর দুই নম্বর শাখার অন্তর্গত ৬৯ নম্বর বুথের কর্মী প্রদীপ দাস। অভিযোগ, দেওয়াল লেখা শেষ হয়ে গেলে প্রদীপ দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ, সেখানেই তাকে মারধর করা হয়েছে। 

তাঁর দাবি, মারধরের ফলে তার চোখে আঘাত লাগেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গুরুতর জখম অবস্থায় প্রদীপ দাসকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়।

সঙ্গে সঙ্গে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। এরপর তিনি ডানকুনি থানায় অভিযোগ জানান। তিনি কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, " ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।" 

ঘটনায় তৃনমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সহ সভাপতি তাপস মুখোপাধ্যায় বলেন, “মারধোর হয়নি। একটা দেওয়াল নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে। একজনের চোখে লেগেছে।”


Share