Road Accident

দোলের সকালে হুগলির গোঘাটে দুর্ঘটনা, প্রাণ গেল দুই যুবকের, জখম ১২ জন

চাঁচড় উৎসব দেখে ফেরার পথে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। গুরুতর আহত দু’জনকে আরামবাগ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

পিকআপ ভ্যান
নিজস্ব সংবাদাতা, গোঘাট
  • শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:৩৫

দোল উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। হুগলি জেলার গোঘাটের হাজিপুর এলাকায় রবিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১২ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যানে করে মোট ১৬ জন যাত্রী পশ্চিম মেদিনীপুরের তাতারপুর এলাকা থেকে চাঁচড় উৎসব দেখে বাড়ি ফিরছিলেন। পথে হাজিপুরের করপুকুর এলাকায় একটি বাঁক নেওয়ার সময় গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুতগতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পারায় সেটি রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। টহলরত পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। আহতদের উদ্ধার করে কামারপুকুর ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শ্রীমন্ত রায় (২৬) ও কৃষ্ণকান্ত ভুঁই (২৭)-কে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে ১২ জনের স্থানীয় হাসপাতলে চিকিৎসা শুরু হয়। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। বাঁকের মুখে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। এ দিকে আহতদের দেখতে হাসপাতালে যান আরামবাগের সাংসদ মিতালি বাগ। তিনি আহতদের চিকিৎসার সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


Share