Road Accident

স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা বরানগরে, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই খুদের

উত্তর ২৪ পরগনার বরানগরে শনিবার সকালে ট্রাকের সঙ্গে স্কুটারের সংঘর্ষে মৃত্যু হয় দুই পড়ুয়ার। জানা গিয়েছে, তাদের কারোর মাথায় হেলমেট ছিল না।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বরানগর
  • শেষ আপডেট: ০১ আগস্ট ২০২৬ ০২:১৮

উত্তর ২৪ পরগনার বরানগরে শনিবার সকালে এক হৃদয়বিদারক পথদুর্ঘটনায় প্রাণ হারাল দুই স্কুল পড়ুয়া। বাবার সঙ্গে স্কুটারে করে স্কুলে যাওয়ার পথে বিপত্তি। ট্রাকের সঙ্গে স্কুটারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। তাদের বাবা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম আরাধ্য সাউ (৯) এবং আরভ সাউ (৬)। তারা ডানলপ এলাকার একটি বেসরকারি স্কুলের ছাত্র ছিল। আহত বাবার নাম অভিষেক সাউ।

 বরানগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাস্তার ধারে ফেলে রাখা স্টোনচিপ্‌স এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে স্কুটারটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসছিল। তখনই ট্রাকের সঙ্গে স্কুটারের সংঘর্ষ হয়। ধাক্কার জেরে দুই শিশু রাস্তায় ছিটকে পড়ে। তারা ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বরানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহত অভিষেক সাউকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় স্কুটারে থাকা তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাস্তার পাশে স্টোনচিপ্‌স ফেলে রাখার কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালেও বরানগরের সবেদাবাগান বাসস্টপের কাছে বিটি রোডে একটি বেপরোয়া বাসের ধাক্কায় ডানলপের ওই একই বেসরকারি স্কুলের দুই পড়ুয়ার মৃত্যু হয়েছিল। প্রায় এক দশক পর একই স্কুলের আরও দুই পড়ুয়ার প্রাণহানির ঘটনায় স্কুল ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


Share