Drowning

ব্যারাকপুরের মঙ্গল পান্ডে ঘাটে বিপত্তি, জলে নেমে তলিয়ে যায় দুই বোন

একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও অপরজনের খোঁজে তল্লাশি চলছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৭:২২

বৃহস্পতিবার সকালে গঙ্গার জল ও মাটি আনতে গিয়ে দুই বোন নদীতে তলিয়ে যায়। ব্যারাকপুরের মঙ্গলপান্ডে ঘাটে ঘটনাটি ঘটেছে। পয়লা মে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। এই প্রস্তুতিতেই তাঁরা গঙ্গার ঘাটে এসেছিলেন। নিখোঁজ দুজন আঁচল ঠাকুর (২০) ও কোমল ঠাকুর (১৮)। পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে অপরজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে দুই বোন ঘাটে গিয়েছিল। গঙ্গায় তখন জোয়ার ছিল। প্রথমে জল তোলার কাজ চলছিল। এরপর দুই বোন স্নান করতে নামে। তাঁরা বুঝতে না পেরে আরও দূরে চলে যায়। অভিযোগ, আচমকাই তাদের পা পিছলে যায়। তারপর জলে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার শুরু করেন। কিন্তু ততক্ষণে তারা জলের তলায় হারিয়ে যায়।

খবর পেয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয়। তল্লাশি শুরু হয়। কিছু সময় পর আঁচলকে ব্যারাকপুরের অন্নপূর্ণা ঘাটের কাছে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে কোমলের খোঁজ এখনও মেলেনি। পরিবারের অভিযোগ, খবর দেওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছতে দেরি করে। যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

উল্লেখ্য, এর আগেও চলতি মাসে হুগলির উত্তরপাড়ার পঞ্চাননতলা ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে এক মাধ্যমিক পরীক্ষার্থীর তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এমন দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নদীঘাট এলাকায়।


Share